সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
-ad0fb6-480x270.webp)
দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশকে জোর করে শাসন করেছে।
-2d617f.jpg)
তিনি বলেন, ওই সময়ে মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন আর দেখতে চায় না দেশের মানুষ। যারা নিশিরাতের নির্বাচন ও ‘আমি-ডামি’ নির্বাচন করেছিল, তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি। এ অঞ্চলে গ্যাসলাইন আনা কিংবা ইপিজেড স্থাপনের উদ্যোগও নেয়নি। কেন এসব কাজ করা হয়নি, সেই প্রশ্ন তার ও এ অঞ্চলের মানুষের। কারণ, দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। এ কারণেই প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও দেশের দরিদ্র ও অসহায় মানুষের অর্থ পাচার করে তাদের বিলাসী জীবনযাপনের খবর প্রকাশিত হয়েছে।

তারেক রহমান আরও বলেন, তারা দেশের মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটিকেই নিজেদের প্রভু মনে করে। সেই প্রভুদের খুশি করতে তারা আবারও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তা আবার কেড়ে নিতে চায় ওই গোষ্ঠী। তিনি প্রশ্ন রাখেন, ‘মানুষ কি আবারও তাদের গুম-খুন ও ভোটাধিকার হরণের রাজনীতি করার সুযোগ দেবে?’
তারেক রহমান বলেন, ২০২৪ সালে যেভাবে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, এখন আবারও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, গত কয়েক দিনে দেখা গেছে, ক্ষমতায় থাকার সময় তারা মানুষের সহায়-সম্পত্তি লুট করেছে, নির্যাতন ও গুম করেছে। দেশ ছেড়ে পালানোর পরও তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। মানুষকে পুড়িয়ে মারা এবং আক্রমণ করে হত্যার রাজনীতি আবারও শুরু করেছে।
দেশের মানুষ আর ভোট দখল ও গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ধরে রাখতে তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। তাদের হাতে ৬০টি শিশুও নিহত হয়েছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য আন্দোলন করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট বার্তা দিতে হবে— ‘এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’
লালমনিরহাটের মানুষের ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অঞ্চলের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল। আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের শিল্পকারখানা গড়ে তোলা, উৎপাদন বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করতে চায়। পাশাপাশি মানুষের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাও সরকারের লক্ষ্য। বাসস।


-efea98.jpg)
-32c127.jpg)
-7a5f7f.jpg)






-78eff2-256x144.webp)
-32c127-256x144.webp)




