গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় আগুন

গোপালগঞ্জে চলমান সহিংসতার মধ্যে বৃহস্পতিবার কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া মুকসুদপুর থানায়ও ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এসব ঘটনার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে হামলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল নিক্ষেপের দৃশ্যও দেখা গেছে।
সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক। স্থানীয়দের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী মিছিল নিয়ে সকালে তার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে বাড়ির দুটি টিনের ঘর, একটি দোতলা ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবনে ভাঙচুর চালানো হয়। পরে এসব স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাড়ির বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগও উঠেছে।
হামলার সময় সংসদ সদস্যের পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এ ছাড়া কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়ি এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়।
এসব ঘটনায় বক্তব্য জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থানার সামনে পুলিশের সরকারি ও জব্দ করা একাধিক গাড়ি এবং মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয় একাধিক সংবাদকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকেই থানা ভবনে কেউ ছিলেন না। ফলে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
মহাসড়ক অবরোধ, রামদা-হকিস্টিক হাতে মহড়া
বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েক হাজার নেতাকর্মীকে মিছিল করতে দেখা যায়। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
এ দিন সকাল থেকে বৃষ্টির মধ্যেই ঘোনাপাড়া এলাকায় কয়েক শ নেতাকর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন। বেলা ১১টার দিকে তারা মহাসড়কে মিছিল করেন। ঘোনাপাড়া ছাড়াও দোলা পাম্প, শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপর অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় তাদের। সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করায় মহাসড়কে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কেও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে শহরের সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়ে। ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় অনেককে ভিজে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। ভোর থেকে শহর ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গত ১৭ নভেম্বর রাত থেকেই সড়কে গাছের গুঁড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো নিরাপত্তাচৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
















