রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান

পাবনা প্রতিনিধি
ইউরেনিয়ামবাহী গাড়ি যাচ্ছে রূপপুর প্রকল্পে। শুক্রবার ভোরে পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে তোলা। ছবি: রাজনীতি ডটকম
ইউরেনিয়ামবাহী গাড়ি যাচ্ছে রূপপুর প্রকল্পে। শুক্রবার ভোরে পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে তোলা। ছবি: রাজনীতি ডটকম

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের আরও একটি চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান পৌঁছাল প্রকল্প এলাকায়।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে রূপপুরের পথে রওয়ানা হয় ইউরেনিয়ামবাহী গাড়ি।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি ও প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট ৯টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।

এদিকে গত বুধবার (১৭ নভেম্বর) বিকেলে রূপপুরে উৎপাদিন বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে প্রথমবার যুক্ত করা হয় জাতীয় গ্রিডে। সাড়ে আট ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর থেকে চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। এরপর আবারও কিছু সময়ের জন্য গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত করা হবে।

এর আগে গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এ দুটি ইউনিট থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad