সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে আগুন

রাজশাহী ব্যুরো
বৃহস্পতিবার রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে
বৃহস্পতিবার রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হলে নিচতলার কক্ষগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগায় সাবেক প্রতিমন্ত্রী গ্রামের বাড়িতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

এ দিন রাজশাহী শহরের বিভিন্ন স্থানেও ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে পাঁচ-ছয়জন তরুণ মোটরসাইকেল নিয়ে চকসিংগায় শাহরিয়ার আলমের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা বাড়ির সামনের অংশে পেট্রোল থেকে আগুন ধরিয়ে দেন। আগুন নিমেষেই বাড়ির নিচতলা জুড়ে ছড়িয়ে পড়ে। তরুণরা আগুন দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন।

আগুন জ্বলতে দেখে স্থানীয়রা সেখানে ছুটে যান। চিৎকার করে আশপাশের মানুষদের জড়ো করেন। তারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বাঘা থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে কথা হয়েছে। ওসি জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে গিয়ে ফটকের সামনে আগুন লাগানোর চেষ্টা করে। আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে যাওয়ায় তারা ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাড়ির নিচতলা জুড়ে আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওটি নিয়ে জানতে চাইলে সাবিনা ইয়াসমিন কোনো মন্তব্য করেননি।

আমির হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই শাহরিয়ার আলমের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝে মাঝে কেয়ারটেকার এসে খোঁজখবর নিয়ে চলে যায়। মাঝে মাঝে একজন নাইট গার্ডকে বাড়ি পাহারা দিতে দেখা যায়। আজ (বৃহস্পতিবার) বাড়িটিতে আগুন দেওয়া হলো। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় সম্ভবত নিচতলা ছাড়া বাড়ির তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

চকসিংগা গ্রামের অধিবাসী শামসুল ইসলাম বলেন, পাঁচ-ছয়জনের একটি দল ভেতরে ঢুকে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন দিয়েই চলে যায়। এরপর আমরা স্থানীয়রা আগুন নিভিয়ে দেই। যারা আগুন দিয়ে চলে গেছে, তারা কেউ আড়ানী বা আশপাশের লোক না। তাদের সবাইকে বহিরাগত মনে হয়েছে।

এদিকে রাজশাহীতে গত রাতে একাধিক নাশকতামূলক ঘটনার খবর পাওয়া গেছে। নগরীর বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, রেললাইনে আগুন ও লাল নিশান টানানো, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনাও ঘটেছে।

এ ছাড়া বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ সেগুলো নিষ্ক্রিয় করেছে। দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad