বিএনপির মিছিল থেকে ফেরার পথে আ.লীগের হামলা, নিহত ২

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে অংশ নিয়ে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওই মিছিল আয়োজন করা হয়েছিল।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ও নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার জানান, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন— কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়িও এতে অংশ নেয়।
পুলিশ ও বিএনপি নেতারা জানিয়েছেন, মিছিল শেষে শাহিন ও সোহেল মোল্লা একসঙ্গে ফিরছিলেন। তারা পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান।
গুরুতর আহত অবস্থায় শাহিন ও সোহেলকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় স্থানীয় কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ছাড়া গত কয়েক দিনে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানাসহ বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে ভাঙচুর চালিয়ে আগুনও দিয়েছেন আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জসহ আরও কয়েকটি জেলায় একাধিক বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালান তারা।

















