খুলনায় এক দিনে ৭ স্থানে গুলি, আ.লীগ নেতা নিহত

খুলনা মহানগরে এক দিনে পৃথক সাতটি স্থানে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ছাড়া পরিবহন ব্যবসায়ীর বাড়ি, রেস্টুরেন্ট, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি রেস্টুরেন্টে গুলি চালানোর পর মালিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরের দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিম নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত হালিম খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি একই ওয়ার্ডের যুবলীগের রাজনীতিতেও যুক্ত ছিলেন। কেসিসির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন তিনি।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হালিমকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি তার মাথায়, একটি বুকে এবং অন্যটি চোখের কোণে লাগে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
হালিমের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না এবং কারা ও কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।
আরও ৬ জায়গায় গুলি
মঙ্গলবার সকালে নগরের বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। স্থানীয় সূত্র জানায়, কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে চালানো হয় গুলি। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগলে কেউ আহত হননি।
দুপুর আড়াইটার দিকে নগরের লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির জানালার কাঁচে গুলির আঘাতের চিহ্ন তৈরি হয়।

বিকেলে নগরের সোনাডাঙ্গা থানার গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত গুলি চালায়। এ ঘটনার পর ওই রেস্টুরেন্টের মালিককে মোবাইলে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার দাবিতে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের আড়ংঘাটা থানার শলুয়া স্লুইস গেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে মুখোশধারী দুর্বৃত্তরা। তারাও মোটরসাইকেলে এসেছিল। এ সময় প্রাণ বাঁচাতে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রাত ৯টার দিকে নগরের লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে রাত ৮টার পর নগরের ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনার খবর পাওয়া যায়। তবে পুলিশ সেখানে গুলির কোনো খোসা পায়নি। শব্দটি গুলির, নাকি অন্য কিছুর, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এক দিনে নগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কেবল মঙ্গলবার নয়, গত মাস দুয়েক ধরেই খুলনা যেন গুলির শহরে পরিণত হয়েছে। পুলিশ সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে, গত ২২ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এক মাস সময়ে অন্তত ১৫টি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৯ জন। এ ছাড়া খুলনা মহানগর এলাকায় চলতি বছরের শুরু থেকে ২২ নভেম্বর পর্যন্ত অন্তত ৪০ জন খুন হয়েছেন বলে জানিয়েছে খুলনা মহানগর পুলিশ।

















-3e5651-256x144.webp)

