খুলনায় প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য নিহত

খুলনা প্রতিনিধি
খুলনায় প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য নিহত

খুলনা নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মো. তুষার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়েখামার এলাকার আনসার আলী গলির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত তুষার খুলনার কারাগারে বন্দী শীর্ষ সন্ত্রাসী ‘পলাশ গ্রুপ’-এর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়ে। এতে তুষারের পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনাস্থলের কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়।

খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহা আলম বলেন, তুষার কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে।

খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad