নাশকতায় অর্থায়নের অভিযোগে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির রমনা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আমাদের কাছে একটি রিক্যুজিশন ছিল, এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ঘটনায় তিনটি মামলা রয়েছে। এ ছাড়া তার ও তার প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
ডিবির ভাষ্য, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার এবং চীন থেকে অবৈধ অর্থায়ন নেওয়ার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন এবং সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।













