বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি, রাতে নজরদারি জোরদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও ফেরারি আসামিরা যাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি রাতে সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে।
গতকাল রোববার দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার ঘোরাফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।
বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় বাড়ানো হয়েছে টহল। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইটের সাহায্যে রাতে নজরদারি চালানো হচ্ছে। গতকাল সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় টহল দেয় বিজিবির একটি দল। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থাও।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, ‘আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল। রোববার দুপুরের পর থেকে সেটা আরও বাড়ানো হয়েছে।’
সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতার ওপর গুরুত্ব দেন এই কর্মকর্তা। সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহায়তার আহ্বান জানান তিনি।
এর আগে গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
















