শ্রমিক বিক্ষোভে ফের উত্তাল গাজীপুর— মহাসড়ক অবরোধ, ৭০ কারখানায় ছুটি
-3e5651-480x270.webp)
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরী ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে কোনাবাড়ী এলাকায় এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। পরে ভোগড়া, নাওজোরসহ বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে।
সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে তারা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।” তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে গাজীপুরের ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন জানান, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাস্টারবাড়ি ও মেম্বারবাড়ি এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বেতন বাড়ানোর দাবি জানান। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে মহানগরীর কোনাবাড়ী, জরুন, ভোগড়া ও নাওজোরসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।















