খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা পৌনে দুইটার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ঘের ব্যবসায়ী ছিলেন। তার বাবা আবদুস সালাম শেখ সাংবাদিকদের বলেন, ‘আমার কিছু বলার নেই। রাজনীতিই আমার সব শেষ করে দিল।”
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তরিকুল। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানে আসেন। কিছুক্ষণ কথা বলার পর তারা তরিকুলের মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ মণ্ডল বলেন, খুলনায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তরিকুল। পরে বাসে জায়গা না পেয়ে ফিরে এসে চায়ের দোকানে বসেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই হেলমেটধারী ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যান।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় অভিযান চালানো হচ্ছে। তরিকুলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।










-d6798b-256x144.webp)




