খুলনায় ফের গুলি, এবার মেয়ের খাবার কিনতে গিয়ে বিদ্ধ হিসাবরক্ষক

খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মো. মশিউর রহমান (৫৯)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই সপ্তাহে খুলনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাতে গুলিবিদ্ধ মশিউর রহমান জানিয়েছেন, একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাঁ পাশের পাঁজরের নিচে লাগে। পুলিশ বলছে, কারা এবং কী উদ্দেশ্যে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ঘটনা খুলনায় সাম্প্রতিক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত অক্টোবরের শেষ দুই সপ্তাহে নগরী ও আশপাশের এলাকায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে রাজনৈতিক কর্মী ছাড়াও ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও সাধারণ মানুষ।
গত ২৪ অক্টোবর তেরখাদা উপজেলায় গুলিবিদ্ধ হন যুবদল নেতা রামিম বিশ্বাস। একই দিন নগরের গাছতলা এলাকায় গুলিতে আহত হন কলেজশিক্ষক ও মুদি দোকানের মালিক ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু। ২৬ অক্টোবর বটিয়াঘাটায় গুলিবিদ্ধ হন যুবদলকর্মী সোহেল শেখ।
পরদিন একই উপজেলার যুবদল নেতা ওহিদুল ইসলাম বাদল এবং নগরের নিরালা এলাকায় একটি তামাক কোম্পানির ডিলার পয়েন্টের কর্মী সালমান গুলিবিদ্ধ হন। এসব ঘটনার কয়েকটিতে হামলাকারীরা মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়।
শুধু গুলিবর্ষণ নয়, একই সময়ে খুলনায় একের পর এক হত্যাকাণ্ডও ঘটেছে। ২ নভেম্বর রূপসার সিংহের চর এলাকা থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১ নভেম্বর নগরের রায়েরমহল এলাকায় কুপিয়ে হত্যা করা হয় মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে।
২৪ অক্টোবর দক্ষিণ টুটপাড়ায় গুলি করে হত্যা করা হয় কলেজশিক্ষক ধনঞ্জয় কুন্ডুকে। ২২ অক্টোবর পূর্ব বানিয়াখামার এলাকায় এক যুবক এবং একই দিন জিন্নাহপাড়া এলাকায় এক গৃহবধূ গুলিতে নিহত হন।
পুলিশের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় ৭৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে মহানগর এলাকায় ৩৭ জন ও জেলায় ৩৮ জন। শুধু শেষ ১২ দিনেই সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চাঁদাবাজি, মাদক ও অস্ত্রের কারবার, আধিপত্য বিস্তার, জমি ও ব্যবসা নিয়ন্ত্রণ এবং অপরাধী গোষ্ঠীগুলোর বিরোধকে সহিংসতার পেছনে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ উঠে এসেছে পুলিশের ভাষ্যে।















