নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আগুন-লুটপাটের খবর গুজব, দাবি পুলিশ সুপারের

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ‘গুজব’ বলে দাবি করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। তার ভাষ্য, ওই গ্রামে কোনো হিন্দু বসতি নেই। তবে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর ছড়ানো হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার দাবি, পূর্বে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এর মাধ্যমে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপারের ভাষ্য, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে জড়ো হয়ে হত্যার ঘটনায় জড়িত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
তবে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বেন্দারচর গ্রামে একাধিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কথা জানিয়েছেন। কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির শনিবার বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে তারা বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন। গাছ সরিয়ে রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল।
তিনি বলেন, গ্রামটির অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। বড়দিয়াবাজারের কয়েকটি দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী বলেন, “কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আমাদের একটা ইউনিট সেখানে আগুন নেভাতে গিয়েছিল।”
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙ্চুর ও কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও আছে।” অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমের বাড়ি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর বিকেলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। কালিয়া শহরের বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যায় শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের দিকে যায়। সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনে এগোনোর সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় হামলা চালান বলে অভিযোগ ওঠে।
এতে কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, কৃষক দলের নেতা শাহীন শেখ ও জাসাস নেতা সোহেল মোল্যা আহত হন। শাহীন ও সোহেলকে কুপিয়ে জখম করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ওই দুই নেতা নিহত হয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এর আগে বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, শাহীন শেখ ও সোহেল মোল্যা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই দিন বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।















