গোপালগঞ্জে ফের রামদা-হকিস্টিক হাতে আ.লীগের মহড়া ও মিছিল

গোপালগঞ্জে আবারও দেশীয় অস্ত্র হাতে মহড়া ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির মধ্যেই কয়েক শ নেতাকর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় জড়ো হন।
এ দিন বেলা ১১টার দিকে তারা মহাসড়কে মিছিল করেন। সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছে। সেসব স্থানেও পিকেটারদের অবস্থান করতে দেখা গেছে। ঘোনাপাড়া ছাড়াও দোলা পাম্প ও শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপর দেশীয় অস্ত্র হাতে মিছিল করেন নেতাকর্মীরা। অবরোধের কারণে মহাসড়কে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে শহরের সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়ে। ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় অনেককে ভিজে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথে গাছের গুঁড়ি ফেলে রাখতে দেখা যায়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় অন্তত তিনটি স্থানে গাছের গুঁড়ি পড়ে ছিল। এর একটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে বিক্ষোভ করতে দেখা যায়। হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও একইভাবে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে।
মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে খুলনা-ঢাকা মহাসড়কের চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সেখানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ওই পথ দিয়ে হেঁটেও চলাচল করতে পারছেন না কেউ।
সকালে শহরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। মহাসড়কে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। শহরের ভেতরে কিছু ইজিবাইক, ভ্যান ও রিকশা চললেও সেগুলো অবরোধের মধ্যবর্তী ছোট ছোট অংশে সীমাবদ্ধ ছিল। ফলে যাত্রীদের এক জায়গায় নেমে অন্য যানবাহনে উঠতে হচ্ছিল।
সকাল সোয়া নয়টার দিকে ঘোনাপাড়া মোড়ের গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দুজনকে বেঁধে রাখতে দেখা যায়। সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আগের রাতে মহাসড়কে চলাচলকারী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি-ছিনতাই হয়েছে। এতে এলাকার বদনাম হচ্ছে। এ কারণে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়েছে বলে তাদের দাবি।
সকাল সাড়ে নয়টা পর্যন্ত শহরের প্রায় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি ছিল না বললেই চলে।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে বুধবার রাত থেকে দুটি ফিলিং স্টেশনে দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে আছে। এর মধ্যে সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় রাত ১০টা থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ বিভিন্ন যানবাহন আটকে রয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
গতকাল সন্ধ্যার পর থেকে মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। যন্ত্রের সাহায্যে গাছ কেটে সড়কে ফেলা হয়। কয়েকটি স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরানো হয়।
সিলেট থেকে পাথর নিয়ে বাগেরহাটের কাটাখালী যাওয়ার পথে দোলা পাম্প এলাকায় আটকা পড়েছেন ডাম্পট্রাকচালক মোহাম্মদ আলী। তিনি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা হয়ে বুধবার ঢাকার মহাখালীতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে আবার রওনা দিয়ে রাত ৯টার দিকে গোপালগঞ্জে পৌঁছান।
মোহাম্মদ আলী বলেন, মুকসুদপুরে গাছ ফেলে রাস্তা আটকানো ছিল। তবে পণ্যবোঝাই গাড়ি দেখে তাকে যেতে দেওয়া হয়। এরপর উজলপুরে বিদ্যুতের খুঁটি ফেলে রাখা হলেও সেখান থেকেও যেতে পেরেছেন। পুলিশ লাইনস এলাকার বাধাও পার হন। কিন্তু রাত ১০টার দিকে দোলা পাম্প এলাকায় এসে আটকে পড়েন। তার ভাষ্য, সেখানে গাছ ফেলে পুরো রাস্তা বন্ধ করে রাখা হয়েছে।
পাথরবোঝাই আরেকটি ট্রাকের চালক মো. তুহিন বলেন, আটকে থাকা জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরেই মধুমতী নদী, এরপর বাগেরহাটের সীমানা। রাস্তা পার করে দেওয়ার কথা বলে কয়েকজন তার কাছ থেকে ৫০০ টাকা নেন। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। আরও কয়েকজন ট্রাক ও পিকআপচালকও একই ধরনের অভিযোগ করেছেন।
টুঙ্গিপাড়ায় ধারাবাহিক সহিংসতা
গোপালগঞ্জে গত কয়েক দিন ধরেই আওয়ামী লীগ নেতাকর্মীরা নানা সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছেন। গত রোববার (১৫ নভেম্বর) শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত চলা ওই মিছিলে অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম দেখা যায়। কারও কারও মাথায় হেলমেটও ছিল।
মিছিল চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও। একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী তিনি।
এ ছাড়া পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতির বাসভবনে আগুন দেওয়া হয়। বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও কয়েকজন নেতার বাসা, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ ওঠে। বিএনপি নেতাদের দাবি, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত।
এসব ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পদে পরিবর্তন আনে সরকার। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হন হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ। অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়। তার স্থলে দায়িত্ব দেওয়া হয় ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।
এরপর গত মঙ্গলবারও টুঙ্গিপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। রাত আটটার দিকে সেখানে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
একই দিন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলাকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
টুঙ্গিপাড়ার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে জাতীয় সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “তারা (আওয়ামী লীগ) ওখানে গিয়েই কেবল থানায় হামলা করতে পারে।”
“আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের সমর্থকদের দোকানপাটে হামলা করেছে। এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব। আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল বুধবারও গোপালগঞ্জ শহর জুড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিছু কিছু এলাকায় রাম দা ও চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মহড়া দিতে দেখা গেছে।
এ দিন গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় একাধিক বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছেন ছাত্রলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার দিনভরই গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সন্ধ্যা ৭টার পরপর গোপালগঞ্জ সদরে আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে হামলা চালিয়ে আগুন দেন তারা। হাসপাতালটির মালিক সদর আসনের বিএনপির এমপি কে এম বাবর।





















