সরানো হলো গোপালগঞ্জের ডিসি-এসপিকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সরানো হলো গোপালগঞ্জের ডিসি-এসপিকে

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ। অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে দেওয়া হয়েছে গোপালগঞ্জের দায়িত্ব।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য জানানো হয়। একই দিনে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল ও মহড়া করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁদের এই কর্মসূচিতে অনেকের হাতে দেশি অস্ত্র দেখা যায়। এমন পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে রদবদল করল সরকার।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ছিল লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র। মহড়ার সময় কয়েকজনের মাথায় হেলমেটও দেখা যায়। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলের ছবি প্রকাশিত হয়েছে।

এদিকে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদায়ন ও বদলির সিদ্ধান্ত জানানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad