নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ‘খেলা হবে’ স্লোগানে এমপির হাসপাতালে আগুন

গোপালগঞ্জ শহর জুড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিছু কিছু এলাকায় রাম দা ও চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মহড়া দিতে দেখা গেছে। গোপালগঞ্জ সদরের সরকারদলীয় সংসদ সদস্যের মালিকানাধীন একটি হাসপাতালে ভাঙচুর চালিয়ে আগুনও দিয়েছেন তারা।
এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় একাধিক বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছেন ছাত্রলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিনভরই গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সন্ধ্যা ৭টার পরপর গোপালগঞ্জ সদরে আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে হামলা চালিয়ে আগুন দেন তারা। হাসপাতালটির মালিক সদর আসনের এমপি কে এম বাবর।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের বড় ধরনের জমায়েত হয়। নিষিদ্ধ সংগঠনটির গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে সেখানে ‘জয় বাংলা’, ‘খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেও উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭টার পরপরই ছাত্রলীগের মহড়া থেকে আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। সেখানে ভাঙচুর চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন গোপালগঞ্জ সদর আসনে এমপি কে এম বাবর। হাসপাতালের নিচতলার একটি কক্ষ তিনি নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করেন।
এদিকে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। কাশিয়ানীতেও উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল ও জমায়েত থেকেই এসব কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবারও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ দিন সন্ধ্যার পর তারা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়।
রোববার থেকেই মূলত গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় জুলাইয়ে ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীরা নানা ধরনের নাশকতা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে গোপালগঞ্জে পুলিশের বাড়তি সদস্যসহ বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে তাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ভাটা পড়তে দেখা যায়নি।
















