আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) ওখানে গিয়েই কেবল থানায় হামলা করতে পারে। আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের সমর্থকদের দোকানপাটে হামলা করেছে। এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব। আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততা ও উসকানি রয়েছে অভিযোগ করে মন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার শতভাগ একমত। তবে শ্রমিকদের দাবিকে পুঁজি করে একটি পক্ষ দেশে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। শ্রমিকদের মধ্যে মিশে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অসন্তোষ জিইয়ে রাখতে চায়। সরকার ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে, যেন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কোনো নিরীহ মানুষের প্রাণ না যায়।
গোপালগঞ্জে থানা আক্রমণ, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে আগুন লাগানোর উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আলোচনার শুরুতে সালাহউদ্দিন আহমদ বলেন, আগে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ করা হতো। অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়। সেই তিন বছর পূর্ণ হবে আগামী ডিসেম্বরে। মজুরি বোর্ড গঠিত হয়েছে। তবে বোর্ড গঠনের সময়সীমা কিংবা ন্যূনতম মজুরি নির্ধারণের নির্ধারিত সময় এখনো অতিক্রান্ত হয়নি। কিন্তু শ্রমিকদের উসকে দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা লক্ষ করেছি, আরও মাস দেড়েক আগে শ্রমিকদের অসন্তোষটা কোনো কারণ ছাড়াই একটি পক্ষ সীমান্তের বাইরে থেকে উসকে দিয়েছে। আমাদের নিরীহ শ্রমিক ভাইদের মজুরি বোর্ড গঠনের ইস্যুটাকে সামনে নিয়ে এসে প্রথমে ঢাকার একটি জায়গায় উত্তরখান ও দক্ষিণখান, এয়ারপোর্ট সড়ক ব্লক করেছে। আমরা অত্যন্ত ধৈর্যসহকারে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি। পুলিশও খুব ধৈর্যশীল আচরণ করেছে।
শ্রমিকদের দাবির প্রতি সরকারের সমর্থনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা শ্রমিকদের এই ন্যায্য দাবির পক্ষে শতভাগ একমত। এখানে সরকারপক্ষ বা বিভিন্ন পক্ষ বলে কিছু নেই। আমরা মালিকদের অনুরোধ করেছি, আপনারা এমন একটি মজুরি প্রস্তাব করবেন, যেন মেহনতি শ্রমিক মানুষের জীবন নির্বাহ করতে কোনো কষ্ট না হয়।
তিনি বলেন, বিগত পাঁচ বছরে যে প্রস্তাব ছিল, সেটি বার্ষিক হিসাবে কত বৃদ্ধি হয়েছিল, এখন তিন বছরে কত বৃদ্ধি হবে, আমাদের ইনফ্লেশন কত হয়েছে— সব কিছু হিসাব করে তার চেয়েও বেশি মজুরি দেওয়ার জন্য আমরা মালিকপক্ষকে অনুরোধ করেছি। মালিক ও শ্রমিকপক্ষ এরই মধ্যে নিজ নিজ প্রস্তাব দিয়েছে। উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে সহনীয় পর্যায়ে মজুরি নির্ধারণে কিছুটা সময় প্রয়োজন।
শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে বিভিন্ন শিল্পকারখানায় হামলার অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। বলেন, কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও উত্তরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সেখানে ফুটওয়্যার ও টেলিফোন শিল্পকারখানায়ও হামলা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে শ্রমিক ভাইদের এই দাবিকে পুঁজি করে কিছু লোক শ্রমিকদের মধ্যে মিশে গেছে। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এই অসন্তোষ জিইয়ে রাখতে চায়।
মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, উভয় পক্ষই কাজে ফিরে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। মজুরি বোর্ড আলোচনা করে ন্যূনতম মজুরি নির্ধারণ করলে তা মেনে নেওয়ার কথাও জানিয়েছেন শ্রমিক নেতারা। মালিকপক্ষের সঙ্গেও একাধিকবার আলোচনা হয়েছে। ফলে সমঝোতা থাকার পরও অসন্তোষ জিইয়ে রাখার কারণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।




-b362f4.jpg)












