টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ, এমপির বাড়িতেও আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানা (বাঁয়ে) ও স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে (ডানে) আগুন দেওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে। ছবি: ভিডিও থেকে
মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানা (বাঁয়ে) ও স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে (ডানে) আগুন দেওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে। ছবি: ভিডিও থেকে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফের সহিংস হয়ে উঠেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তারা থানা ঘেরাও করে সেখানে আগুন দিয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে গোপালগঞ্জ-৩ আসন (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যের (এমপি) পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। থানা ও এমপির বাড়িতে হামলাকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ দিন রাত ৯টার দিকে এমপি এস এম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) শহর জুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের থানা থেকে বের করে আনতে এলাকায় মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশের পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ছাত্রলীগের ধাওয়ায় পিছু হটে পুলিশ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পরে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

থানার ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কয়েকটি ভিডিওতে দেখা গেছে, হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে থানার ভেতরে ভাঙচুর চালানো হচ্ছে। হামলা ও অগ্নিসংযোগকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

একাধিক ফেসবুক লাইভে ঘটনাস্থল থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের থানা থেকে ‘উদ্ধার’ করে নিয়ে আসতেই তারা হামলা চালিয়েছেন। থানা চত্বরে অন্তত পুলিশের অন্তত তিনটি গাড়ি আগুনে পুড়তে দেখা গেছে ভিডিওতে।

রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় আগুন জ্বলছিল। সেখানে হামলাকারীদের অবস্থান করতেও দেখা গেছে। টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানিয়েছেন, আগুনের খবর পেলেও নিরাপত্তাজনিত কারণে তারা ঘটনাস্থলে যেতে পারছেন না।

এদিকে থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ চলতে চলতেই একটি মিছিল পাটগাতী গ্রামের দিকে অগ্রসর হয়। স্থানীয়রা জানিয়েছেন, ওই মিছিলেও ছিলেন মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল থেকে এমপি জিলানীর পৈতৃক বাড়িতে আগুন দেন।

এমপি জিলানী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি। রাত ৯টার দিকে তার বাড়িতে দেওয়া আগুনে ওই বাড়ির পাশে থাকা তার চাচাতো ভাই ও প্রতিবেশীর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। থানার মতো এমপির বাড়িতেও আগুন নেভাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad