শ্রমিক বিক্ষোভে উত্তাল সাভার-আশুলিয়া, ৭৭ কারখানায় ছুটি ঘোষণা

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টার ঘটনা ঘটেছে। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুই শিল্পাঞ্চলের অন্তত ৭৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। অন্যদিকে, আশুলিয়ার কুমকুমারি এলাকায় একটি পোশাক কারখানার সামনে বহিরাগত একদল যুবক বিক্ষোভ শুরু করেন।
কুমকুমারি এলাকায় বিক্ষোভকারীরা চারাবাগ-আক্রাইন আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ ছাড়া সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারের হেমায়েতপুরে ২৭টি ও আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। দুই এলাকার মোট অন্তত ৭৭টি কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সকালে হেমায়েতপুর এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছিলেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুপুরের পর থেকে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, জামগড়ায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা এবং কুমকুমারিতে বহিরাগতদের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার পর তাদের সরিয়ে দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।












