গাজীপুরে পেট্রোল বোমা-ককটেলসহ ছাত্রলীগ-যুবলীগের ৫ জন গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), একই উপজেলার সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন।

তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে মিছিল থেকে সফিপুরের ইবনে সিনা কারখানার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ ধাওয়া করে মিছিল থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল এবং বিস্ফোরিত একটি পেট্রোল বোমার আলামত জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পরে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad