গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির ২ কার্যালয়ে হামলা-আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
গতকাল রোববার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দূরত্ব প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। সেখান থেকে পিকআপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে প্রায় ৩৫০ জনের একটি দল উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসে। প্রথমে তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়।
এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার শিকার হয় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়ও। সেখানে চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন দেওয়া হয়। কার্যালয়ের টিনের অংশও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত। তবে সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।














-f8ef77-256x144.webp)
