নদীর তীরের ১০০ মিটার সুরক্ষা বলয়, গ্রিন-ব্লু নেটওয়ার্কে কমবে ঢাকার তাপমাত্রা

রাজধানীর চারপাশের নদ-নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন কোনো অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি ইনার সার্কুলার রোড নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদদের মতে, সিদ্ধান্তটি কার্যকর করা গেলে ঢাকার গ্রিন-ব্লু নেটওয়ার্ক শক্তিশালী হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরের তাপমাত্রা কমাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী ও সংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
নগর পরিকল্পনাবিদদের মতে, নদী, খাল ও জলাশয়ের সঙ্গে পার্ক, গাছপালা ও অন্যান্য সবুজ এলাকা যুক্ত করে একটি সমন্বিত পরিবেশব্যবস্থা গড়ে তোলার নাম গ্রিন-ব্লু নেটওয়ার্ক। নগরের জলাশয় ও সবুজ অঞ্চলগুলোকে এভাবে সংযুক্ত করা গেলে প্রাকৃতিক পানি নিষ্কাশন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বাসসকে বলেন, নদীর ১০০ মিটারের ভেতরে কোনো ধরনের স্থাপনা তৈরি না করার উদ্যোগ আরও অনেক আগেই নেয়া উচিত ছিল। কারণ স্থাপনা তৈরি হয়ে গেলে বর্ষাকালে পানি আর নামতে পারে না। ফলে নগরে জলাবদ্ধতা তৈরি হয়।
তিনি বলেন, নদীর তো একটা সৌন্দর্য আছে। সে নদীকে সংরক্ষণ করা আমাদের নগরের জন্য, জনপদের জন্য, গ্রামীণসহ সব এলাকার জন্য খুব প্রয়োজন।
নদীর দুই তীরে পরিকল্পিত গণপরিসর গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, আমরা সাজেস্ট করি যে নদীর দুই পাশে সীমানা চিহ্নিত করে সেখানে রিভার ফ্রন্ট ডেভলপমেন্ট করা। মানে গণপরিসর তৈরি করা যাতে করে মানুষের বিনোদনের একটা জায়গা তৈরি হয়। মানুষ যেন নদীর পাড়ে একটু বসতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। সেখানে ভেজিটেশন হতে পারে, গাছপালা লাগানো যেতে পারে।
অধ্যাপক আখতার মাহমুদ বলেন, বর্তমান সরকার এটাই করার চেষ্টা করছে। এ সরকার নির্বাচনী ইশতেহারে বলেছিল যে তারা প্রচুর পরিমাণে গাছ লাগাবে, খাল ও নদী সংস্কার করবে। তো এটা তো তাদের ইশতেহারের সাথেই যায়। সুতরাং এটা আমার মনে হয় অগ্রাধিকারের একটা তালিকা দিয়ে হলেও করে ফেলা দরকার।
নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণে জোর
পরিবেশবিদরাও সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, পরিকল্পিতভাবে সুরক্ষা বলয় কার্যকর করা গেলে নদীর তীরে অবৈধ স্থাপনা নির্মাণ ও দখল নিয়ন্ত্রণ, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা মিলবে। একই সঙ্গে নগরের পরিবেশ ও তাপমাত্রার ওপরও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, এটি নদীর প্রয়োজনীয়তা ও দখলমুক্ত রাখতে একটি ভালো বার্তা দেবে। তবে দখল ও দূষণ রোধ করতে হলে কঠোরভাবে আরও অনেক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
এদিকে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বাসসকে বলেন, এর মাধ্যমে প্রেরিত নৌপথসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভার সিদ্ধান্ত ৩.৮ অনুযায়ী ১০০ মিটার সুরক্ষাবলয় বাস্তবায়নের দায়িত্ব পালনকারী সংস্থা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক।
তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীরবর্তী উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে। নদীতীরের রক্ষণাবেক্ষণসহ এ-সংক্রান্ত কাজ বিআইডব্লিউটিএর আওতাধীন হওয়ায় সংস্থাটির সঙ্গে সমন্বয় করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে কাজ করতে হবে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে করণীয় চূড়ান্ত করা হবে।
নদীর সীমানা নির্ধারণ নিয়ে প্রশ্ন
১০০ মিটার সুরক্ষা বলয় কার্যকরের ক্ষেত্রে নদীর প্রকৃত সীমানা নির্ধারণকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নদীর কোন অংশ থেকে এ দূরত্ব পরিমাপ করা হবে, তা বৈজ্ঞানিক ও আইনগতভাবে স্পষ্ট করতে হবে। এ ক্ষেত্রে নদীর স্বাভাবিক গতিপথ, তীরভূমি ও মৌসুমি পরিবর্তন বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে শাহীনুর আলম বলেন, নদীতীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক স্থাপিত সীমানা পিলার হতে ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বাসসকে বলেন, ১৯৫০ সালের আইন অনুযায়ী নদী সীমানা থেকে ৫০ মিটারের বাইরে অর্থাৎ ১৫০ ফুটের মধ্যে যদি কোন ব্যক্তি বাড়ি বানাতে চান বা বাড়ি নির্মাণ করতে চান তাহলে বিআইডব্লিউটি-এর অনুমতিপত্র লাগবে। এতদিন রাজউক আমাদের অনুমতিপত্র নিয়েই স্থাপনা করার ছাড়পত্র দিয়ে এসেছে।
তিনি বলেন, সরকার এটাকে ৫০ মিটার থেকে এখন ১০০ মিটার অর্থাৎ ৩০০ ফুট করছে। এখন পরিপত্র জারি হলে, আমরা সেটা বাস্তবায়নের জন্য কাজ করব।
পরিবেশবিদদের মতে, নদীর দুই তীরে সুরক্ষা বলয় তৈরি করাই যথেষ্ট নয়। এর সঙ্গে ভূমি ব্যবহার পরিকল্পনা, নগর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলোও সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। যথাযথ পরিকল্পনা, আইনের কার্যকর প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এ উদ্যোগ ঢাকার নদী ও জলাভূমি সংরক্ষণের পাশাপাশি নগরকে আরও বাসযোগ্য করে তুলতে পারে। বাসস।





-1db9a8.jpg)












