সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, না পেয়ে ইউপি উদ্যোক্তার কম্পিউটার ভাঙচুরের অভিযোগ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কাস্তুল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. ফারুক ভূইয়ার (৫০) কাছে সাংবাদিক পরিচয়ে মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার কক্ষে ঢুকে কম্পিউটার ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথি কপি ও মুছে ফেলার অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় শুক্রবার (২৭ নভেম্বর) অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন— অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আলমদিঘীর পাড় এলাকার মৃত বাবুল মিয়ার দুই ছেলে এ আর সুমন (৩০) ও এ আর আল আমিন (১৯)। অপরজন তাদের বোনের স্বামী এবং চাচাতো ভাই মো. সিরাজ মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন হৃদয় (৩০)। অভিযোগে তাদের সবার বাড়ি একই এলাকায় বলে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে ফারুক ভূইয়া জানান, গত ২০ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা কাস্তুল ইউনিয়ন পরিষদে তার কক্ষে যান। এ সময় জন্মনিবন্ধন ও ব্যাংক এশিয়ার কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দিলে নতুন কাজ করতে বাধা দেওয়া হবে এবং চলতি মাসের টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে বলেও চাপ দেওয়া হয়। তবে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে চলে যান।
অভিযোগে আরও বলা হয়, ২৪ নভেম্বর দুপুরে ফারুক ভূইয়া যোহরের নামাজ পড়তে কাস্তুল ইউনিয়নের মসজিদজাম বউ বাজার মসজিদে যান। তার দাবি, অফিস ছাড়ার প্রায় পাঁচ মিনিট পর দুপুর ১টা ২৫ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিক পরিচয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে তাঁর কক্ষে প্রবেশ করেন। এ সময় তাঁর ব্যবহৃত কম্পিউটার ব্যবহার করে সেখান থেকে চলে যান তারা।
ফারুক ভূইয়ার অভিযোগ, তার অনুপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তিরা কম্পিউটার থেকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও নথিপত্র কপি করে নিয়ে যান। পাশাপাশি কম্পিউটারে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেন।
পরে অভিযুক্ত ব্যক্তিরা আবার তার কক্ষে এসে এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা টেবিল থেকে কম্পিউটারটি নিচে ফেলে ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফারুক ভূইয়া। এ ছাড়া তাকে অষ্টগ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, তার ব্যবসা ও সম্পদের ক্ষতি করা এবং মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ফারুক ভূইয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমন ও আল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘কাস্তুল ইউনিয়ন পরিষদে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’














