দূষণ কমায় কুয়ালালামপুরের ক্লাং নদীতে ভোঁদড়ের বিচরণ

একসময় মারাত্মক দূষণের কারণে পরিচিত ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্লাং নদী। বছরের পর বছর নদীটি পরিষ্কারের উদ্যোগ নেওয়ার পর সেখানে ফিরতে শুরু করেছে বন্য প্রাণী। নদীর তীরে এখন দেখা মিলছে ছোট ছোট ভোঁদড়ের দলের। পানিতে সাঁতার কাটা, ডুব দেওয়া আর বালুচরে ছোটাছুটির দৃশ্য নজর কাড়ছে পথচারীদের। ভোঁদড়ের এই বিচরণ নদীর পরিবেশের উন্নতিরও ইঙ্গিত দিচ্ছে।
ব্যস্ত সড়ক, উড়ালপথ আর উঁচু ভবনে ঘেরা কুয়ালালামপুরের বুক চিরে বয়ে গেছে ক্লাং নদী। একসময় দূষণে বিপর্যস্ত এই নদীর তীরেই এখন গড়ে উঠেছে ভোঁদড়ের ছোট্ট আবাস। শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে তাদের দেখা যাচ্ছে। এমনকি নদীর কংক্রিটের পাড়েও রোদ পোহাতে দেখা যায় তাদের। কখনো উড়াল মেট্রো স্টেশনের সামনে পানিতে সাঁতার কাটে তারা। এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
পরিবেশবিদদের কাছে ভোঁদড়ের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। কারণ, নদীতে ভোঁদড়ের বিচরণ সেখানে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্বের ইঙ্গিত দেয়। এতে বোঝা যায়, নদীর বাস্তুতন্ত্রে কিছুটা হলেও ভারসাম্য ফিরছে।
দূষিত নদীতে প্রাণের প্রত্যাবর্তন
ক্লাং নদী একসময় বিশ্বের অন্যতম দূষিত জলপথ হিসেবে পরিচিত ছিল। মালয়েশিয়ার নদীর দূষণমাত্রার শ্রেণিবিন্যাসে নদীটিকে পঞ্চম শ্রেণিতে রাখা হয়েছিল। অর্থাৎ, নদীটি ছিল মারাত্মক দূষিত। বছরের পর বছর ধরে পরিষ্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে নদীটি তৃতীয় শ্রেণিতে রয়েছে, যা মাঝারি মাত্রার দূষণ নির্দেশ করে।
মালয়েশিয়ার বন্যপ্রাণী পরিবেশবিদ উ চি ইয়ং মনে করেন, নদীর পরিবেশের এই পরিবর্তন ভোঁদড়ের বিচরণের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।
তিনি বলেন, ‘যেখানে ভোঁদড় আছে, সেখানে মাছও আছে। আর যেখানে মাছ আছে, সেখানে বোঝা যায় পুরো নদীব্যবস্থা পরিষ্কার ও সুস্থ। আশপাশের সব জনগোষ্ঠীর জন্যও এটি ভালো। এ কারণেই ভোঁদড়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ।’
তবে ভোঁদড়ের এই উপস্থিতি নতুন করে তাদের রাজধানীতে ফিরে আসার ফল, নাকি এত দিন শহরের এমন এলাকায় বসবাস করছিল যেখানে মানুষের চোখে পড়েনি, তা নিশ্চিত নয়।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ভোঁদড়ের এই প্রজাতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে। তাই শহরের নদীতে তাদের বিচরণ বন্য প্রাণী সংরক্ষণের দিক থেকেও গুরুত্বপূর্ণ।
কোথাও আনন্দ, কোথাও উদ্বেগ
নদীর তীরের একটি অ্যাপার্টমেন্টে থাকেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান উজাং। ভোঁদড়ের চলাফেরা ও খেলাধুলা দেখতে পছন্দ করেন তিনি। হাসান বলেন, ‘ওদের বাচ্চাদের মতো সাঁতার কাটতে ও খেলাধুলা করতে দেখলে আমাদের খুব ভালো লাগে।’
তবে কুয়ালালামপুরের সব বাসিন্দার কাছে ভোঁদড়ের উপস্থিতি আনন্দের নয়। শহরের অভিজাত আবাসিক এলাকা ট্রপিকানা গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্টে গত এক বছরে অন্তত ১২টি বাড়িতে ভোঁদড়ের হানা দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির মাছের পুকুর ছিল তাদের প্রধান লক্ষ্য।
ওই এলাকার ৮৯ বছর বয়সী বাসিন্দা ই সি মুনের ১৫ বছর ধরে যত্ন করে বড় করা অ্যারোয়ানা মাছ মেরে ফেলেছে ভোঁদড়। এ ঘটনায় ক্ষুব্ধ হলেও প্রাণীগুলোর প্রতি সহানুভূতি রয়েছে তার।
তিনি বলেন, ‘ওরা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি ওদের দোষ দিতে পারি না। কারণ, আমাদের মতো ওদেরও বেঁচে থাকতে হবে।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত বছর পাশের একটি বনভূমিতে নতুন আবাসন প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে এলাকায় ভোঁদড়ের আনাগোনা বেড়েছে। বাসিন্দাদের সমিতির সভাপতি জয় আপ্পুকুট্টান বলেন, ‘ওরা তাদের আবাসস্থল হারাচ্ছে। এ কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে।’
ট্রপিকানা রিসোর্টের নিরাপত্তাকর্মীদের ধারণা, পাশের বনভূমিতে প্রায় ২৫টি ভোঁদড় রয়েছে। প্রাণীগুলোর সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা শেখাতে আবাসন কর্তৃপক্ষ উ চি ইয়ংকে আমন্ত্রণ জানিয়েছে।
মালয়েশিয়ায় ভোঁদড় সংরক্ষিত প্রাণী। তাই তাদের ক্ষতি না করে মানুষের সম্পদ রক্ষার পরামর্শ দিয়েছেন উ চি ইয়ং। এ জন্য বাড়ির প্রবেশপথ বন্ধ রাখা এবং মাছের পুকুরের ওপর বেড়া বা জাল বসানোর কথা বলেছেন তিনি।
সংরক্ষণে মানুষের অংশগ্রহণ
প্রতিবেশী সিঙ্গাপুরে ভোঁদড়ের গতিবিধি পর্যবেক্ষণে স্বেচ্ছাসেবী বিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক রয়েছে। কিন্তু কুয়ালালামপুরে এ ধরনের নিয়মিত নজরদারির ব্যবস্থা নেই। ফলে শহরে কতগুলো ভোঁদড়ের দল রয়েছে, তারা কোথায় থাকে কিংবা কীভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল করে, সে সম্পর্কে তথ্যও সীমিত।
২০১৯ সালে স্থানীয় গণমাধ্যমে ভোঁদড় দেখার খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন উ চি ইয়ং। পরের বছর তিনি মালয়েশিয়ান অটার নেটওয়ার্ক (এমওএন) নামে একটি সংরক্ষণ সংগঠন প্রতিষ্ঠায় যুক্ত হন।
তিনি বলেন, ‘কতগুলো দল রয়েছে, তারা কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।’
এমওএন সাধারণ মানুষের অংশগ্রহণে ভোঁদড় দেখার তথ্য সংগ্রহের ব্যবস্থা চালু করতে চায়। এর মাধ্যমে শহরে প্রাণীগুলোর সংখ্যা, বিচরণক্ষেত্র ও চলাচলের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
নদীকে আবার প্রাণবন্ত করার উদ্যোগ
কুয়ালালামপুরের সাবেক মেয়র ও বর্তমানে নগরীর টেকসই নগরায়ণবিষয়ক উপদেষ্টা মাইমুনাহ মোহাম্মদ শরিফ ভোঁদড়ের উপস্থিতিকে শহরের পরিবেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘ভোঁদড় পরিচ্ছন্ন শহরের অন্যতম মানদণ্ড।’
সরকারের ‘রিভার অব লাইফ’ প্রকল্পের আওতায় ক্লাং নদীতে আবর্জনা আটকাতে শত শত ফাঁদ বসানো হয়েছে। এ ছাড়া নেদারল্যান্ডসের একটি বেসরকারি সংস্থার স্থাপন করা সৌরবিদ্যুৎচালিত বর্জ্য সংগ্রহযন্ত্রও হাজার হাজার টন বর্জ্য সংগ্রহ করেছে।
তবে নদী পরিষ্কারের পাশাপাশি নতুন করে বর্জ্য প্রবেশ ঠেকানোও জরুরি বলে মনে করেন মাইমুনাহ। তিনি ক্লাং নদীর পানির মান ২বি শ্রেণিতে উন্নীত করতে চান। এ শ্রেণির নদীর পানি মানুষের সংস্পর্শে আসার উপযোগী। নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘একদিন আমি ক্লাং নদীতে সাঁতার কাটতে চাই।’
কমিউনিটি আর্কিটেক্ট ও ক্লাং রিভার ফেস্টিভ্যালের সহ-আয়োজক স্কারলেট কুন সি কি নদীর প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে। তার মতে, যেখানে সম্ভব, সেখানে কংক্রিটের বাঁধের পরিবর্তে নদীর তীর প্রাকৃতিক অবস্থায় রাখা উচিত। নদীর তীরে গাছপালা ও প্রাকৃতিক ফাঁকফোকর থাকলে ভোঁদড়ের আত্মগোপন ও বসবাসের সুযোগ বাড়ে। এতে মানুষের সঙ্গে তাদের সংঘাতও কমতে পারে।
ক্লাং রিভার ফেস্টিভ্যালের আয়োজক ফেইথ ফু মনে করেন, ভোঁদড়ের উপস্থিতি নদী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। ছোটবেলায় শিক্ষকদের কাছ থেকে নদীটি অপরিচ্ছন্ন বলে শুনতেন তিনি। কিন্তু এখন ভোঁদড়ের বিচরণ দেখে তার মনে হচ্ছে, ‘এটি আসলে একটি নদী।’
ক্লাং নদীর তীরে ভোঁদড়ের ফিরে আসা তাই শুধু বন্য প্রাণীর বিচরণের ঘটনা নয়, নগরবাসীর কাছে নদীকে নতুন করে চেনারও সুযোগ। তবে ভোঁদড়ের উপস্থিতিই নদীটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রমাণ নয়। নদীর দূষণ কমানোর পাশাপাশি প্রাণীদের আবাসস্থল রক্ষা এবং মানুষের সঙ্গে তাদের সহাবস্থান নিশ্চিত করাও জরুরি।
তথ্যসূত্র: বাসস/এএফপি।









-68b17e-256x144.webp)


