ধানমন্ডিতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের ‘অচেতন করে’ ২ হাজার ভরি গয়না চুরি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫: ২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলের গয়নার দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে। পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, দোকান থেকে প্রায় দুই হাজার ভরি গয়না এবং ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শপিং মলের নিরাপত্তাকর্মীদের কয়েকজনকে সন্দেহ করছে পুলিশ। ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজায় এ চুরির ঘটনা ঘটে। পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকান থেকে গয়না নিয়ে যায় দুর্বৃত্তরা।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা বলেন, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন চুরির ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এদিকে পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

সঞ্জীব শীল আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে। তাদের সঙ্গে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে তাঁদের দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করতে দেখা গেছে। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে এসে আলামত সংগ্রহ করছে।

চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad