জুন থেকে রাজধানীর ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুর প্ল্যান্টের পানি

ডেস্ক, রাজনীতি ডটকম
নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার। ছবি: সংগৃহীত
নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার। ছবি: সংগৃহীত

আগামী বছরের জুন থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করতে যাচ্ছে গন্ধর্বপুর পানি শোধনাগার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন এ শোধনাগারের প্রথম পর্যায়ের কার্যক্রম চালু হলে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে।

যেসব এলাকায় এ পানি সরবরাহ করা হবে, সেগুলো হলো— বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুরের আংশিক এলাকা, উত্তরা ও মিরপুর ডিওএইচএস। এতে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষের পানির চাহিদা পূরণের পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে।

ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে সরবরাহের জন্য এ প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর প্রথম পর্যায়ের কাজ শেষ করে আগামী জুনে পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পের কাজ শেষ হলে দৈনিক সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে।

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ ইতিমধ্যে ৯০ থেকে ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে। শুরুতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরুর পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে আগামী বছরের জুনে নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর মধ্যে ভূগর্ভস্থ ও উপরিভাগ মিলিয়ে ওয়াসা সরবরাহ করে ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পর্যন্ত। প্রতিদিনই আমাদের কিছু ঘাটতি থেকে যায়।

তিনি আরও বলেন, এই ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করে ইতোমধ্যেই গন্ধর্বপুর প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগির (নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার) প্রকল্পটি চালু হবে। প্রতিমন্ত্রী বলেন, এটি চালু হলে মেঘনা থেকে প্রতিদিন ঢাকায় আমরা ৫০ কোটি লিটার পানি পাব।

শাহে আলম বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি শহরের জন্য মাত্র ৩০ শতাংশ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে। সেখানে ঢাকা শহরে আমরা ৭৪ শতাংশ উত্তোলন করছি। আর উপরিভাগের পানি (সারফেস ওয়াটার) মাত্র ২৪ শতাংশ। এতে জলবায়ু পরিবর্তন ও আমাদের পরিবেশের ওপর বড় ধরনের আঘাত আনবে এবং এতে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গন্ধর্বপুর শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে প্রতিদিন আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। দুই পর্যায় মিলিয়ে দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা তৈরি হবে। এতে রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা মেটানোর পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে।

প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ বলেন, প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে। এ প্রকল্প থেকে পানি সরবরাহ চালু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ সর্বাংশে উপকৃত হবে। সেই সাথে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ-বান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার যে লক্ষ্য ঢাকা ওয়াসা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব হবে।

তিনি জানান, শোধনাগারটি চালু হলে কয়েক শ গভীর নলকূপ বন্ধ করে দেওয়া সম্ভব হবে। এতে ভূগর্ভস্থ পানির স্তরের ওপর চাপ কমবে।

ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, আগামী জুনে অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি এই প্রকল্প শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ৯০ শতাংশ কাজ শেষ। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পের কাজ সরকার দ্রুততার সাথে শেষ করছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদীর পানির ওপর নির্ভর করে রাজধানীতে বিকল্প পানির উৎস তৈরি হবে। এতে একদিকে নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ বাড়বে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা মিলবে। বাসস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad