দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌপথ করা হবে ঢাকার চারপাশে: মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার সকালে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মেডেল পরিয়ে দেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
শুক্রবার সকালে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মেডেল পরিয়ে দেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

ঢাকার চারপাশ ঘিরে থাকা নদীসহ সব জলপথ দখল ও দূষণমুক্ত করে রাজধানী শহরটির চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ তৈরি করা হবে বলে জানিয়েছেন ‎নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। নদীর তীরবর্তী এলাকাগুলোও সংস্কার করে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের জন্য উপযোগী করে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত ওয়াকওয়ে রান-২০২৬ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এর আগেও ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে সময় বেশি লাগে, নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশ থাকে না। এখন নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়ন করে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব স্থানে রাসায়নিক বর্জ্য, তরল বর্জ্য ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এসব বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী রবিউল আলম। বলেন, বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কিছু স্থানে ওয়াকওয়ের মিসিং লিংক আছে, সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবে, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবে, অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে।

সরকার ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান নৌপরিবহনমন্ত্রী। বলেন, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখছে এসব অবকাঠামো। কিছু এলাকায় ওয়াকওয়ে নির্মাণ এখনো বাকি রয়েছে। সেগুলোও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

নদী ঘিরে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীভিত্তিক যাতায়াত ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি নদীকে পর্যটন ও বিনোদনের মাধ্যম হিসেবেও সরকার গড়ে তুলতে চায় বলে জানান নৌপরিবহনমন্ত্রী। তার জন্য নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। বলেন, এসব ঘাট ও স্টেশনকে সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী রবিউল আলম বলেন, ‎বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো পুনরায় প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে।

‎অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সদস্য (অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল), মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad