বিশ্ব জুড়ে ২০২৩-২৪ সালে নদী-হ্রদের পানির স্তর নেমেছে রেকর্ড পরিমাণে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২২: ০০
বৈশ্বিক উষ্ণতার প্রভাবে নদী, হ্রদ ও জলাধারের পানির স্তর রেকর্ড পরিমাণে নিচে নেমেছে। প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি
বৈশ্বিক উষ্ণতার প্রভাবে নদী, হ্রদ ও জলাধারের পানির স্তর রেকর্ড পরিমাণে নিচে নেমেছে। প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

রেকর্ডভাঙা বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের নদী, হ্রদ ও জলাধারগুলোর পানির স্তর নজিরবিহীনভাবে কমে গেছে। এই দুই বছরে নদীর পানিপ্রবাহ স্বাভাবিকের তুলনায় গড়ে ৫ দশমিক ৭ শতাংশ কম ছিল। একই সময়ে হ্রদ ও জলাধারে জমা পানির পরিমাণ কমেছে ৯ দশমিক ৫ শতাংশ। অন্তত ১৯৯১ সালের পর থেকে ভূপৃষ্ঠের মিঠাপানির উৎসগুলোতে একসঙ্গে এত বড় পতন আর দেখা যায়নি বলে এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে।

চীনা বিজ্ঞান একাডেমির নেতৃত্বে পরিচালিত গবেষণাটিতে বিশ্বের নদী, হ্রদ ও জলাধারের পানির পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। গবেষকেরা বিশ্বের ১৫০টি প্রধান নদী অববাহিকার পানিপ্রবাহের পরিমাপের সঙ্গে উপগ্রহ থেকে পাওয়া তথ্য মিলিয়েছেন। ১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের ১২ লাখের বেশি হ্রদ ও জলাধারের পানির পরিমাণ পর্যবেক্ষণ করে তারা এ বিশ্লেষণ করেন।

গবেষণায় দেখা গেছে, ২০২৩ ও ২০২৪ সালে বৈশ্বিক ভূপৃষ্ঠের মিঠাপানির পরিমাণ দ্রুত কমেছে। এই দুই বছরই ছিল পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর জলচক্র ক্রমেই বেশি অস্থির হয়ে উঠছে। ফলে কোথাও দীর্ঘস্থায়ী খরা দেখা দিচ্ছে, আবার কোথাও অল্প সময়ে অতিবৃষ্টি ও বন্যা হচ্ছে। কিন্তু বৃষ্টি বাড়লেই স্থলভাগে পানির প্রাপ্যতা বাড়ছে না।

গবেষণার অন্যতম লেখক ড. সুলগ্না মিশ্র বলেন, জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য এ ফলাফলে স্পষ্ট হয়েছে। বায়ুমণ্ডল উষ্ণ হলেই যে স্থলভাগে পানির পরিমাণ বাড়বে, তা নয়। এ সময়ে বিশ্ব জুড়ে মোট বৃষ্টিপাত বাড়লেও অতিরিক্ত বৃষ্টির বড় অংশ পড়েছে সমুদ্রের ওপর। অন্যদিকে স্থলভাগের অনেক অঞ্চলে পানির ঘাটতি তৈরি হয়েছে।

উষ্ণ বায়ুমণ্ডল কীভাবে কমাচ্ছে পানির পরিমাণ

পৃথিবীর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডল আরও বেশি আর্দ্রতা শোষণ করতে পারে। এর ফলে মাটি, নদী ও হ্রদ থেকে পানি বাষ্প হয়ে দ্রুত বায়ুমণ্ডলে চলে যায়। স্থলভাগের তাপমাত্রা বেশি থাকলে বাষ্পীভবনের হারও বেড়ে যায়। পরে সেই জলীয় বাষ্প বৃষ্টি হয়ে ফিরে এলেও তা সব সময় যে অঞ্চলে পানি কমেছে, সেখানে পড়ে না। বরং অতিরিক্ত বৃষ্টির বড় অংশ সমুদ্রের ওপর ঝরে পড়ে।

এর ফলে জলচক্রে এক ধরনের বৈপরীত্য তৈরি হচ্ছে— বিশ্ব জুড়ে বৃষ্টিপাত বাড়লেও অনেক স্থলভাগে নদী ও হ্রদের পানির পরিমাণ কমছে। এমনকি যেসব অঞ্চলে প্রবল বৃষ্টি ও বন্যা হচ্ছে, সেখানেও বছরের বড় একটি সময়ে নদীতে স্বাভাবিকের তুলনায় কম পানি থাকতে পারে।

গবেষণার লেখকদের মতে, ২০২৩-২৪ সালের পরিস্থিতি এই বৈপরীত্যের স্পষ্ট উদাহরণ। দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় ভয়াবহ বন্যা হলেও পুরো মহাদেশের নদীগুলোতে ওই দুই বছরে স্বাভাবিকের তুলনায় অনেক কম পানি প্রবাহিত হয়েছে।

ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের জলবিদ্যা ও জলবায়ু পরিবর্তন গবেষণার সহযোগী অধ্যাপক ড. ইয়ে হে বলেন, দক্ষিণ আমেরিকার কিছু অংশে ২০২৩ ও ২০২৪ সালে ভয়াবহ বন্যা হয়েছিল। অথচ দুই বছর মিলিয়ে মহাদেশটির নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেক কম পানি প্রবাহিত হয়েছে। কোনো নদীতে প্রবল বৃষ্টির সময় বন্যা হতে পারে, কিন্তু বছরের অধিকাংশ সময় সেই নদীতে পানির প্রবাহ কমও থাকতে পারে।

দক্ষিণ আমেরিকায় পানির ঘাটতি সবচেয়ে বেশি

গবেষণায় দেখা গেছে, ভূপৃষ্ঠের মিঠাপানির এই পতনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দক্ষিণ আমেরিকায়। ২০২৩ ও ২০২৪ সালে মহাদেশটির নদীগুলোর পানিপ্রবাহ কমেছে ১৭ দশমিক ৮ শতাংশ। একই সময়ে হ্রদ ও জলাধারে জমা পানির পরিমাণ কমেছে ১৬ দশমিক ৫ শতাংশ।

এমন পরিস্থিতি তৈরি হয়েছে এমন সময়, যখন দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও বন্যার ঘটনাও ঘটেছে। ফলে শুধু বৃষ্টিপাতের পরিমাণ দিয়ে কোনো অঞ্চলের পানির নিরাপত্তা বা প্রাপ্যতা বোঝা সম্ভব নয় বলে গবেষকেরা মনে করছেন।

বিশ্বের মিঠাপানির উৎসগুলো এমনিতেই নানা ধরনের চাপের মুখে রয়েছে। সুপার এল নিনোর প্রভাব, জলবায়ু পরিবর্তনজনিত খরা, পানিদূষণ এবং ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের পানির অতিরিক্ত ব্যবহার— সব মিলিয়ে পানির সংকট আরও জটিল হচ্ছে। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মানুষের কর্মকাণ্ডও পানির উৎসগুলোর ওপর চাপ বাড়াচ্ছে।

ব্রিটিশ ইকোলজিক্যাল সোসাইটির নীতিবিষয়ক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ক্রিশ্চিয়ান ডান বলেন, গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, পৃথিবীর এমন অঞ্চলগুলোতেও মিঠাপানির উৎস খুব দ্রুত কমে যেতে পারে, যেগুলোকে ঐতিহ্যগতভাবে পানিসমৃদ্ধ বলে মনে করা হয়। তার মতে, কোনো এলাকায় বন্যা হলেই সেখানে পর্যাপ্ত পানি রয়েছে বা মানুষ পানির নিরাপত্তার মধ্যে রয়েছে— এমনটা ধরে নেওয়া যায় না।

জলবায়ুর চরম ওঠানামা আরও বাড়ার আশঙ্কা

রিডিং বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী অধ্যাপক রিচার্ড অ্যালান বলেন, বিশ্ব জুড়ে নদীর প্রবাহ ও হ্রদের পানির স্তরে নজিরবিহীন পতন প্রমাণ করছে, জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি ও খরার মধ্যে যে ক্ষতিকর ওঠানামা দেখা যাচ্ছে, তা এখন পৃথিবীর স্থলভাগের পানিব্যবস্থাতেও স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি বলেন, জলবায়ুর এই দ্রুত পরিবর্তন এবং এর ফলে মানুষের ওপর যে প্রভাব পড়ছে, তা আরও বাড়তে থাকবে যতদিন না গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে জলবায়ুকে স্থিতিশীল করা যায়।

গবেষণার লেখকদের মতে, মিঠাপানির উৎসে পরিবর্তন জলবায়ু সংকটের অন্যতম প্রধান প্রভাব। মানুষের জীবনযাপন, কৃষি, খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ— সবকিছুর ওপর এর প্রভাব পড়তে পারে। নদী, হ্রদ ও জলাধারে কতটা পানি থাকবে, তা নির্ভরযোগ্যভাবে অনুমান করাও ক্রমেই কঠিন হয়ে উঠছে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে বন্যা ও খরার মতো বিপরীতধর্মী দুর্যোগ একই সময়ে দেখা দেওয়ার প্রবণতা জলবায়ু পরিবর্তনের জটিলতা আরও বাড়াচ্ছে। কোনো অঞ্চলে অল্প সময়ে প্রচুর বৃষ্টি হলেও তা দীর্ঘমেয়াদি পানির ঘাটতি পূরণ করতে পারছে না। ফলে শুধু বৃষ্টিপাতের পূর্বাভাস নয়, নদী ও হ্রদের পানির স্তর, জলাধারের ধারণক্ষমতা এবং পানির ব্যবহারও নতুন করে বিবেচনায় নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

গবেষকেরা সতর্ক করেছেন, পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকলে মিঠাপানির প্রাপ্যতা আরও অনিশ্চিত হয়ে উঠবে। আর এই পরিস্থিতি মোকাবিলার জন্য জলবায়ু পরিবর্তনের কারণ— গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমানোর পাশাপাশি পানির উৎসগুলোর সুরক্ষা ও ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।

দ্য গার্ডিয়ান অবলম্বনে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad