চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০ নেতাকর্মী

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর কোতোয়ালি থানা এলাকা থেকে মিছিলটি বের করা হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশ থেকে তাদের আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় একদল নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে শহীদ মিনার রোডে প্রবেশ করেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করার চেষ্টা করেছিলেন, তবে পুলিশের তৎপরতায় তারা সেটি সফল করতে পারেননি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।















