ওয়ারীতে মধ্যরাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, জখম আরও দুজন

রাজধানীর ওয়ারী এলাকায় একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় হোটেলের জেনারেল ম্যানেজারসহ আরও দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে এক ব্যবসায়ী ও তার ছেলে এ হামলা চালিয়েছে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন ‘ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে’ এ ঘটনা ঘটে। হামলায় নিহত হয়েছেন ম্যানেজার নাঈমুর রহমান (২৬)। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড়, বাবা গোলাম মোস্তফা। নাঈমুর ওই হোটেলেই থাকতেন।
ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, দিবাগত রাত ২টার দিকে দেশীয় অস্ত্র হাতে দুই ব্যক্তি ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নাঈমুরের চিৎকারে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা করে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহকর্মীসহ অন্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন মিয়া জানান, পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। ঘটনার বিস্তারিত জানতে ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাকের পিঠে ও কর্মচারী মো. হাসানের পেটে ছুরিকাঘাত লেগেছে। ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাঈমুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।















