‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দিতে’ সবাইকে এক মঞ্চে আসার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী কার্যদিবসে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী কার্যদিবসে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ও দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে সবাইকে এক মঞ্চে আসার তাগিদ দিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই অপশক্তিকে, সেই তাঁবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই এই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

সমাপনী বক্তব্যে সংসদ নেতা তারেক রহমান বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে চব্বিশের মতো দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে এসে দাঁড়ানো প্রয়োজন।

‘এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরেও অন্য যেসব গণতান্ত্রিক দল আছে, সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই— আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত-পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই,’— বলেন তারেক রহমান।

চব্বিশের গণঅভ্যুত্থানের মুখে পতিত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশের বিভিন্ন স্থানে চালানো নাশকতামূলক কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র— এরা সন্ত্রাসী।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক জনগণকে হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়। এরা সন্ত্রাসী গোষ্ঠী।’

লন্ডনে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও ইতালিতে অভিনয়শিল্পী বাঁধনসহ দেশের বাইরে এনসিপি নেতাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হওয়ার ঘটনাগুলোর কথাও বক্তব্যে উল্লেখ করেন সংসদ নেতা তারেক রহমান। বলেন, ‘দেশে-বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণ করেছে— তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবে মেনে নেওয়া যায় না।’

দেশে কেউ কেউ আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে।’

তৈরি পোশাক খাতে শ্রমিকদের অসন্তোষের জেরে সৃষ্ট অস্থিরতার কথা উল্লেখ করেন তারেক রহমান। দেশের পোশাকশিল্পকে দুর্বল করে অন্য কোনো দেশকে সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে কি না, এ বিষয়টি গভীরভাবে ভেবে দেখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের সমস্যা, দাবি ও অধিকার সম্পর্কে সরকার সচেতন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সেই অনুযায়ী বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

এ অবস্থায় কোনো উসকানিতে পড়ে নিজেদের কর্মস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগ বা উৎপাদনব্যবস্থা ধ্বংস করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, যে কারখানা সংস্থান করে, সেটি ধ্বংস হলে শ্রমিক, মালিক ও দেশের অর্থনীতি— সবাই ক্ষতিগ্রস্ত হবে। ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করার অধিকার থাকলেও কর্মস্থল রক্ষার বিষয়টি শ্রমিকদের নিজেদের স্বার্থেই গুরুত্বপূর্ণ।

সমাপনী বক্তব্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনাকে সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি দমন, কর্মসংস্থান তৈরি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাকে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে চাল, ডাল ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক ও কর কমানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং চলছে। রমজান সামনে রেখে আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad