এমপির পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

বিএনপির সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এ ঘোষণা দেন। স্পিকার বলেন, “পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর, ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।”
সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, “এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।”
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে সাধারণভাবে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন দিতে হয়।
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ওসমান ফারুক। চিকিৎসা নিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেননি তিনি। সে সময় সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে নিজের অনুপস্থিতির বিষয়টি জানিয়েছিলেন।
তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণেও তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক। এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে গঠিত ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাসের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। চারদলীয় ঐক্যজোট সরকারের ওই মেয়াদে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।















