আ.লীগকে মোকাবিলায় এমপিদের মাঠে থাকতে নির্দেশ বিএনপি চেয়ারম্যানের

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলা করতে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, মেসেজ ক্লিয়ার— আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। রাজপথে থেকেই তাদের মোকাবিলা করতে হবে। চলমান পরিস্থিতিতে সবাইকে নিজ নিজ এলাকায় অবস্থান করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের সভায় এ নির্দেশনা দেন তারেক রহমান। দুপুর আড়াইটায় শুরু হওয়ায় সভায় তিনি নিজেই সভাপতিত্ব করেন। হুইপ আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভা চলে বিকেল ৪টা পর্যন্ত।
সভায় উপস্থিত বিএনপির একাধিক এমপি জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রম মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এমপিসহ দলের নেতাকর্মীদের মাঠে থাকতে বলেছেন তিনি।
তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও মানুষের বিপক্ষে ছিল, এখনো মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে তারা মাত্র ১৫ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে, ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। এমন একটি দলের পক্ষে মানুষ কখনো যাবে না।
আওয়ামী লীগ ফিরে আসতে চাইলেও জনগণ কেন এমন নাশকতা চালানো একটি দলকে সমর্থন করবে— এমন প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান।
নিজ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সভায় তুলে ধরেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। বলেন, তার বাড়ি কেবল নয়, তার স্বজনদের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে। এলাকায় নিজ দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলেও জানান তিনি।
আওয়ামী লীগের আগের সময়ের কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। আওয়ামী লীগের চরিত্র কেমন, তা নতুন করে বলার কিছু নেই। তাদের সেভাবেই মোকাবিলা করতে হবে।
পরে তারেক রহমান বলেন, প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে।
প্রশাসনের অনেক কর্মকর্তা স্থানীয় এমপিদের কথা শোনেন না বলে অভিযোগ করেন কয়েকজন এমপি। এ নিয়ে এমপিদের প্রতিই উষ্মা প্রকাশ করেন দলীয় চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারি দলের এমপি হয়ে আপনারা কীভাবে বলেন, প্রশাসন আপনাদের কথা শোনে না? এই প্রশাসনের বিরুদ্ধে থেকেই তো আপনারা আন্দোলন-সংগ্রামে জয়ী হয়ে এ জায়গায় এসেছেন। প্রশাসনের কোনো কর্মকর্তা কথা না শুনলে সরাসরি তাকেই জানাতে বলেন বিএনপি চেয়ারম্যান।












-22fc6e-256x144.webp)



-014895-256x144.webp)

