ঘোষণা যখনই হোক, পোশাক শ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর: চেয়ারম্যান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিক। ছবি: সংগৃহীত
পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিক। ছবি: সংগৃহীত

আলাপ-আলোচনার ভিত্তিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি যখনই চূড়ান্ত করে ঘোষণা করা হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এ নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গুজব বা ভুয়া তথ্যে কান না দিতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান সৈয়দ আজাদ সুবহানী। মজুরি কার্যকরের সময়সীমা সুস্পষ্টভাবে জানিয়ে তিনি বলেন, ঘোষণা যেদিনই আসুক, নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, আমরা বলিনি যে আগামী ১ ডিসেম্বর বা ১ ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা করব। আমাদের হাতে যে সময় আছে, তাতে এটি বাস্তবসম্মতও না। তবে আমরা যখনই মজুরি চূড়ান্ত করতে পারব, সেটার যে গেজেট প্রকাশিত হবে, সেখানে উল্লেখ থাকবে— শ্রমিকরা ১ ডিসেম্বর থেকে এই মজুরি প্রাপ্য হবেন।

তৈরি পোশাক খাতের কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু অবশ্য এ মাসের মধ্যেই মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন। ক্ষমতা থাকলে তিনি ‘কালকেই’ নতুন মজুরি ঘোষণা করতেন বলে জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন হয়ে গেছে, সেই বোর্ডকে কাজ করতে দিতে হবে। এ মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করতে হবে। আমার যদি ক্ষমতা থাকত আমি কালকে ঘোষণা করে দিতাম, কিন্তু আমার তো প্রসেসটা ফলো করতে হবে।

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপাক্ষিক জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে বোর্ডের দ্বিতীয় সভাও হয়েছে। গতকাল সোমবার (১৬ নভেম্বর) এই বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল, যা স্থগিত করা হয়েছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য (শ্রমিক প্রতিনিধি) অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়। সভাটি হবে আগামী ২৩ নভেম্বর। তাকে ছাড়া সভা আয়োজনে আইনি বাধা না থাকলেও তিনি শ্রমিক প্রতিনিধি হওয়ায় নৈতিক কারণেই সভাপতি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত মালিকপক্ষ কোনো মজুরি কাঠামো মজুরি বোর্ডের কাছে দেয়নি বলে জানান বোর্ডের চেয়ারম্যান। বলেন, তৃতীয় সভায় তাদের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর তা নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা ও দরকষাকষি করে একটি কাঠামো চূড়ান্ত করা হবে।

নতুন মজুরি বোর্ডের সদস্যরা দুটি বৈঠকের বাইরে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানাও পরিদর্শন করেছেন। তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad