ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল ঢাকা

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে সরকার। এ স্বীকৃতির ফলে দেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি খাতে অর্থায়ন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে ঢাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানায়। এতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পকে ডিএফসির অর্থায়নের যোগ্য হিসেবে ঘোষণাকে স্বাগত জানাচ্ছে সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই উল্লেখযোগ্য অগ্রগতি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের অব্যাহত কূটনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন ঘটাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ বিস্তৃত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
এর আগে সোমবার এক বিবৃতিতে বাংলাদেশকে ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে ঘোষণা করে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে সংস্থাটি চালু হওয়ার প্রায় সাত বছর পর এ স্বীকৃতি পেল বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়ন এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে ডিএফসির মাধ্যমে বিভিন্ন দেশে বিনিয়োগ ও মূলধন সরবরাহের সুযোগ তৈরি করে দেশটির সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো, বেসরকারি খাতে মূলধন সরবরাহ এবং বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের সম্পৃক্ততা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও জোরালো হবে বলে আশা করছে সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন, ব্যবসার পরিবেশ এবং শ্রমমান জোরদারে বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বাড়তে থাকা আস্থার প্রতিফলন এই স্বীকৃতি।
ডিএফসির অর্থায়নের সুযোগকে বাস্তব বিনিয়োগ, শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের অভিন্ন সমৃদ্ধির পথে কাজে লাগানোর প্রত্যাশা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।















-2612d5-256x144.webp)
