ভারতকে ‘অত্যন্ত প্রশ্রয়ের ও আনন্দের জায়গা’ মনে করে আ.লীগ: রিজভী
-22fc6e-480x270.webp)
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভারতকে ‘অত্যন্ত প্রশ্রয়ের ও আনন্দের জায়গা’ মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। কেন? এটা তাদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, তাদের নিরাপত্তার জায়গা। তারা ওইটা মনে করে, নিজের দেশকে মনে করে না।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামেক শাখা ছাত্রদল এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, কথায় কথায় শেখ হাসিনা ও তার দলের লোকজন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। কিন্তু তাদের কাছে এটি লুটপাট ও ব্যাংক লুটের স্বাধীনতা। জনগণের কাছে স্বাধীনতার চেতনার কথা বললেও দিল্লিতে গিয়ে মাথা নত করেন তারা। তাহলে সেই চেতনা কোথায় থাকে?
তিনি আরও বলেন, হাসিনা নিজেই বলেছিলেন, ভারতকে তিনি যা দিয়েছেন, তা দেশটি আজীবন মনে রাখবে। রিজভীর বলেন, কী দেওয়া হয়েছে, তা দেশের জনগণ জানে না। সার্বভৌমত্বের পরিপন্থি হতে পারে— এমন কিছু জনগণকে না জানিয়ে দেওয়া বিপজ্জনক।
বিএনপির এই নেতা বলেন, দেশ যখনই বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে, তখনই ছাত্র-জনতা এগিয়ে এসেছে। ১৯৯০ সালে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। আর ২০২৪ সালে তারা শেখ হাসিনার মতো বর্বরতম একনায়ককে পরাজিত করেছেন।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, তার হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল। তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা তাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সব সময় উজ্জীবিত হয়েছেন।
রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রামেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।

-056651.jpg)













