শেখ হাসিনাকে ফেরতে সামরিক বিমান চায় দিল্লি— জবাব এড়িয়ে গেলেন জয়সওয়াল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠানোর বিষয়ে ভারতের আগ্রহের খবর নিয়ে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে তিনি জবাব এড়িয়ে যান।
ওই সাংবাদিক প্রশ্ন করেন, কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ যেন নয়াদিল্লিতে সামরিক বিমান পাঠায়, এমনটাই চায় ভারত। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের বিষয়ও আলোচনায় রয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ বা নিশ্চয়তা দেওয়া হয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে জয়সওয়াল বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’
ব্রিফিংয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ নিয়েও প্রশ্ন করা হয়। তিনি স্থলবন্দর নাকি আকাশপথে দেশে ফিরবেন, এ বিষয়ে ভারতের কোনো প্রস্তুতি আছে কি না এবং বিষয়টি নিয়ে দেশটির সরকার উদ্বিগ্ন কি না, জানতে চান সাংবাদিকরা। এসব প্রশ্নেও কোনো মন্তব্য করেননি জয়সওয়াল।
জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে সাড়া মেলেনি।
এর মধ্যে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তিনি চিঠি দিয়েছেন বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বৃহস্পতিবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। এতে বলা হয়, ভারতের সম্মতি ছাড়া তিনি দেশে ফেরার ঘোষণা দেননি— এমন ধারণা পাওয়া যাচ্ছে।
তবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা উল্লেখ করা হয় বিবিসি বাংলার প্রতিবেদনে। প্রথমত, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমান পাঠাতে হবে। তিনি স্থলপথে বা আকাশপথে ফিরতে পারেন। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং জুলাই গণহত্যার মামলায় নতুন করে বিচারের সুযোগ দেওয়ার নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।
শুক্রবারের ব্রিফিংয়ে এসব প্রতিবেদনের সত্যতা জানতে চাওয়া হলে জয়সওয়াল কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে তার বলার কিছু নেই বলে কয়েকবার উল্লেখ করেন তিনি। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি আইনি ব্যাপার। আইনি পথেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কনস্যুলার সংলাপ নিয়ে যা বলল ভারত
ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের কনস্যুলার সংলাপ স্থগিতের বিষয়েও প্রশ্ন করা হয়। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও তা কেন স্থগিত করা হয়েছে, জানতে চাইলে জয়সওয়াল বলেন, দুই দেশের পারস্পরিক সম্মতিতে সুবিধাজনক কোনো তারিখে আলোচনা অনুষ্ঠিত হবে।
কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারত সব সময়ই বলে আসছে, বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। সেই লক্ষ্যে উদ্যোগও নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে কাঠামোগত ব্যবস্থায় বৈঠকও হয়েছে। অন্য অনেক বিষয়ের মধ্যে সেই বৈঠকে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষে আলোচনা হয়েছে।’
জয়সওয়াল আরও বলেন, সংশোধিত ভ্রমণ নথি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে কনস্যুলার আলোচনা পারস্পরিক সম্মতিতে নির্ধারিত তারিখে হবে। বিদ্যমান কাঠামোর আওতায় সব দ্বিপক্ষীয় বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে ভারত প্রস্তুত। কারিগরি পর্যায়েও আলোচনায় বসতে আগ্রহী দেশটি। দুই পক্ষের সুবিধাজনক দিনেই কনস্যুলার বৈঠক হবে।














-72bc1e-256x144.webp)

