ডিএফসির মাধ্যমে দেশে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান সহজ হবে: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ আসার পথ সহজ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, ‘আনন্দের সাথে অবহিত করছি, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ বাড়বে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হওয়ার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানও সৃষ্টি হবে।
মাহদী আমিন বলেন, অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়নের কারণে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা দীর্ঘদিন বন্ধ ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতি গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, গত নয় মাসে সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক মহলের আস্থার প্রতিফলন এই অর্জন। সরকারের শ্রমিকবান্ধব পদক্ষেপে যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগীরা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য অর্থায়নের সুযোগ তৈরি করেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, নতুন শ্রম আইনে শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচিত সরকারের এসব উদ্যোগের ফলে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বেড়েছে।
দেশে বিনিয়োগের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এখন বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভর হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিএফসির অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে মাহদী আমিন জানান, এ তহবিলের আওতায় প্রতিটি প্রকল্প ‘কেস টু কেস’ ভিত্তিতে বিবেচনা করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার নতুন সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা কাজে লাগিয়ে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক অগ্রযাত্রাকে আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বাসস।


-795cac.jpg)












-2612d5-256x144.webp)
