ডিসেম্বর ঘিরে রাজনীতিতে উত্তাপ: সংলাপ সফল হবে কি?

খায়রুল আনোয়ার
ডিসেম্বর ঘিরে রাজনীতিতে উত্তাপ: সংলাপ সফল হবে কি? লেখক: খায়রুল আনোয়ার। গ্রাফিক্স: রাজনীতি ডটকম
ডিসেম্বর ঘিরে রাজনীতিতে উত্তাপ: সংলাপ সফল হবে কি? লেখক: খায়রুল আনোয়ার। গ্রাফিক্স: রাজনীতি ডটকম

হঠাৎ করেই উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠ। দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে সংঘঠিত ব্যাপক সহিংস ও নাশকতার ঘটনায় জনমনে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। অনেকেরই প্রশ্ন, এ ধরনের ঘটনা ঘটছে কেন? আগামী দিনগুলোতে আরও কী ঘটতে যাচ্ছে?

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণায় বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে— এমনটাই মনে করা হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নয়াদিল্লি থেকে বিমানে ফিরতে চান। আর এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার একজন মুখপাত্রকে উদ্বৃত্ত করে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা এবং শেখ হাসিনার ফিরে আসার ঘোষণায় সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্যের প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। উভয় পক্ষ থেকেই বেশ জোরের সঙ্গে ঘোষণা দেওয়া হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিকে কোনোভাবে আর ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে সংসদ অধিবেশন চলাকালে জামায়াতে ইসলামির আমির এবং ২৩ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন।

বিরোধী দলের বক্তব্য, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন হবে ঐক্যের ভিত্তি। এনসিপি নেতারা বলেছেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য হলে তা কাজ করবে না। এখন দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।

অন্যদিকে সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আগে ঐক্য চায়। সরকার ও বিরোধী দলের বিপরীতমুখী চাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক— বিরোধী দলের শর্ত বিবেচনায় নিলে ঐক্য প্রতিষ্ঠা কতখানি সফল হবে? ঐক্যের বিষয়টি শুধু সংলাপের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি তা বাস্তব রূপ লাভ করবে?

গত ১৫ নভেম্বর থেকে সংগঠিত বেশকিছু ঘটনা মানুষকে উদ্বিগ্ন করেছে। এর মধ্যে আইনশৃঙ্খলাজনিত সবচেয়ে বড় ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। শহরে দিনভর সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা, বিএনপি নেতাদের বাড়ি ও প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। দুটি থানা পুড়িয়ে দেয়া হয়েছে। লুট করা হয়েছে অস্ত্র। আগুন দেওয়া হয় সরকারি দলের তিনজন সংসদ সদস্যের বাড়িতে।

শুধু গোপালগঞ্জ নয়, দেশের বিভিন্ন জেলায় অসংখ্য সহিংস ঘটনা ঘটেই চলেছে। আওয়ামী লীগের সহিংসতায় নড়াইল ও ফরিদপুরে সরকারি দলের তিন নেতা নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় বিভিন্ন স্থানে সাবেক মন্ত্রী, এমপিদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

সংবাদপত্রের খবর, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ২৪ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। আবার শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত অন্তত ১৭ জেলায় হামলা, সংঘর্ষ, ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বাস ও ট্রেন এবং এমনকি বিদ্যুৎ উপকেন্দ্রে পর্যন্ত আগুন দেওয়া হয়।

দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে গোপালগঞ্জের সংঘটিত ব্যাপক সহিংসতার পর সরকারের নীতিনির্ধারকরা নড়েচড়ে বসেন। প্রধানমন্ত্রী বিরোধী দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নেন। এরই মধ্যে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় দিবসে দেশে ফিরে আসার ঘোষণা নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সংলাপের উদ্যোগের পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মধ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

ডিসেম্বর ঘিরে সীমান্ত ও দেশের অভ্যন্তরে বহুমুখী নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথমবারের মতো সীমান্তের ঝুঁকিপূর্ণ সব পয়েন্টে সার্চলাইট ও ফ্লাডলাইট বসিয়েছে বিজিবি। কার্যকর নিষিদ্ধ দলটির পলাতক নেতাকর্মীরা যেন সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারেন, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়ন বাড়ানো হয়েছে।

বিরোধী দলের সঙ্গে সংলাপ নিয়ে রাজনীতিতে নানামুখী আলোচনা চলছে। বলা হচ্ছে, সংলাপের মূল উদ্দেশ্য— পরাজিত ফ্যাসিবাদী শক্তির ফিরে আসা প্রতিহত করতে সরকারি ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলা। গত ২৩ নভেম্বর এনসিপির তিন নেতার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যের মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিয়েছেন।

তবে ঐক্যের প্রশ্নে এনসিপি নেতাদের অবস্থান ভিন্ন। ওই দিনের বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘এখন লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। আমরা ৫ আগস্ট তাদের পরাজিত করেছি। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কারণ দেশটি আওয়ামী লীগকে ব্যবহার করে সীমান্তের ওপার এবং ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফলে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণকে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।’

গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ কয়েকটি দাবির কথা জানিয়েছে এনসিপি। দলটি বলছে, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদের বাস্তবায়নই হতে হবে ঐক্যের মূল ভিত্তি।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহবান বিরোধী দলের শর্তের বেড়াজালে আটকে পড়তে পারে। এ ক্ষেত্রে প্রধান অন্তরায় হতে পারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি আদায়ের শর্ত। এ ছাড়া পৃথক বৈঠকের পরিবর্তে সব দলের অংশগ্রহণের সংলাপ চায় ১১ দলীয় জোট।

সংলাপগত ২৭ নভেম্বর ১১ দলীয় জোটের ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ ব্রিফ্রিংয়ে জানানো হয়, বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্য সম্মিলিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সে কারণে জাতীয় সংলাপেও জোটের পক্ষ থেকে একই সঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জোটের পক্ষ আরও থেকে বলা হয়েছে, সরকার যথাযথভাবে দায়িত্ব পালন না করায় দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। জুলাই সনদে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার যে অঙ্গীকার করা হয়েছিল, রাজনৈতিক দলগুলো বর্তমানে তার বিপরীত পথে হাঁটছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার ক্ষেত্রে জামায়াতে ইসলামী দুটি শর্ত দিয়েছে। এর একটি হচ্ছে— এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই সংলাপে বসতে চায় জামায়াত। অন্য শর্তটি হলো— প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সংলাপ আয়োজন করতে হবে।

সরকারকে চাপে রাখতে জামায়াত ও এনসিপি এরই মধ্যে বেশকিছু শর্ত দিয়ে রেখেছে। সংলাপের ভেন্যু বা বিরোধী জোটের একসঙ্গে বসার প্রস্তাব বড় কোনো অন্তরায় হবে না। প্রধান বাধা হয়ে দাঁড়াবে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন।

সরকারি দলের নেতারা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট। বিএনপি যেভাবে জুলাই সনদে সই করেছে, ‘নোট অব ডিসেন্টে’র বিষয়গুলোসহ তা শতভাগ বাস্তবায়ন করা হবে।

সংস্কার প্রশ্নে সরকারি দলের এই বক্তব্য মানতে নারাজ বিরোধী জোট। জোটের অভিযোগ, সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথে না হেঁটে উলটো পথে চলেছে। এ প্রসঙ্গে তাদের বক্তব্য, সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ অনুযায়ী বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের উচ্চকক্ষ, সাংবিধানিক প্রতিষ্ঠান সংক্রান্ত সংস্কার বাস্তবায়ন করছে না। সরকার জুলাই সনদের অঙ্গীকার থেকে সরে গিয়ে তাদের মতো করে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।

এখন দেখার বিষয়, সরকার ও বিরোধী দলের প্রস্তাবিত সংলাপ কবে হয় এবং তা আদৌ সফলতার মুখ দেখে কি না। বিরোধী দল তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে অগ্রসর হবে এবং সরকারকে চাপে রাখবে— রাজনীতিতে এটাই স্বাভাবিক। তবে কখনো কখনো দেশের সংকটকালে অথবা জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য জরুরি হয়ে পড়ে। কিন্তু সংস্কার প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়েই আছে।

সরকারি দলের নেতারা জনসভা-সমাবেশে ‘গুপ্ত’ হিসেবে উল্লেখ করে জামায়াতকে আক্রমণ করেছেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ২০ অক্টোবর তিনটি জেলায় জনসভায় অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও বিরোধী দল মিলে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামী ও এনসিপি গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার পালটা অভিযোগ এনেছে সরকারি দলের বিরুদ্ধে।

মাঝে এ বিষয়ে বাদানুবাদে দুপক্ষের সম্পর্ক অনেকখানি তিক্ত হয়ে উঠেছিল, যা রাজনীতির ময়দানে যথেষ্ট উত্তাপ ছড়ায়। বিরোধী জোট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এরই মধ্যে কয়েকটি বিভাগীয় শহর অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছে। বিরোধী দল সংবিধান সংশোধন কমিটির এরই মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলোর একটিতেও যোগদান করেনি, বরং তারা এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে। বিরোধী দল সংবিধান সংশোধন নয়, গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান সংস্কার চায়।

সরকারও নানামুখী সংকটের মুখোমুখি। ৯ মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিরাজ করছে অর্থনৈতিক সংকট। সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পের অস্থিরতা এ খাতের জন্য বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা হয়ে দেখা দিয়েছে।

তৈরি পোশাক মালিকদের সূত্রে গণমাধ্যমের খবর, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে দীর্ঘদিনের যে সুবিধা ছিল, তা দুর্বল হয়ে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ সরে গেছে। দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান স্থবির হয়ে আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানামুখী তৎপরতা। এত কিছু বিবেচনায় নিয়ে সরকার ও বিরোধী দল যদি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে না পারে, তাহলে দেশের সামনে বড় ধরনের বিপদ উপস্থিত হতে পারে।

লেখক: কলাম লেখক

ইমেইল: [email protected]

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad