অনাস্থা ও অস্থিরতায় নেতিয়ে পড়ছে পুঁজিবাজার

ফজলুল বারী
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮: ০৩
অনাস্থা ও অস্থিরতায় নেতিয়ে পড়ছে পুঁজিবাজার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছিল দেশের পুঁজিবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সসহ সব কটি সূচক কমেছিল।

কাল থেকে নতুন সপ্তাহ শুরু। ডিসেম্বর মানেই রাজনৈতিক অস্থিরতা। এর মধ্যে বিনিয়োগকারীরা স্বস্তি খুঁজে পাবেন তো? এ নিয়ে পক্ষে-বিপক্ষে মত আছে। তবে বাংলাদেশের রাজনীতি সব সময়ই কমবেশি গরম থাকে। এর সঙ্গে পুঁজিবাজারকে মেলাতে না যাওয়াই ভালো।

তবে এটাও ঠিক যে, পুঁজিবাজারের অস্থিরতা কাটছেই না। আস্থার ঘাটতিও দূর হচ্ছে না। সূচকগুলোও খাড়া দাঁড়াতেই পারছে না। উঠেই নেতিয়ে পড়ছে। গত সপ্তাহের বাজারচিত্রেও এর প্রতিফলন রয়েছে।

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত শুধু কোম্পানির আর্থিক ফলাফলের ওপর নির্ভর করে না। দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ব্যয়ের চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা ও আগ্রহ কমিয়ে দিতে পারে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা, সোনা ও ডলারের দামে ওঠানামা বিনিয়োগকারীদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলছে। এর ফলে বাজারে নতুন বিনিয়োগের পরিবর্তে বিদ্যমান বিনিয়োগের ঝুঁকি কমানোর প্রবণতা তৈরি হচ্ছে। এসব কারণ থাকা সত্ত্বেও আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো কি ঠিকঠাক আছে?

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারটি মূল্যসূচকের মধ্যে ডিএসইএক্স সূচক ২০.৭৪ এবং ডিএসই৩০ সূচক ৫.০৪ পয়েন্ট বেড়েছে। এসএমই সূচক বেড়েছে ৯৬.০১ পয়েন্ট। ১১.১৪ পয়েন্ট কমেছে শরিয়া সূচক। সার্বিক বাজারচিত্র হতাশাজনক।

ডিমিউচুয়ালাইজড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতি বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্টদের অভিমত, ডিএসই বোর্ড ও প্রশাসন পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে ভাবে না। বোর্ড ব্যস্ত থাকে মিটিংয়ের পর মিটিং করে। প্রশাসন ব্যস্ত থাকে বাজার নিয়ন্ত্রণসহ অস্থিরতা বৃদ্ধিতে সহায়ক কর্মকাণ্ড নিয়ে।

তাদের মতে, বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত পাঁচটি ব্যাংক একীভূত করেছে বিনিয়োগকারীদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করে। ডিএসই কর্তৃপক্ষ এ ইস্যুতে তাদের দায়িত্ব পালন করেনি। বিনিয়োগকারীদের পাশেও দাঁড়ায়নি। লবিং করেনি। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সঙ্গে বসে করণীয় নিয়ে আলোচনা করেনি।

এ ইস্যুতে ডিএসই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে করণীয় নির্ধারণের জন্য আলোচনা করতে পারত। আলোচনা করতে পারত ডিএসইর সিনিয়র সদস্যদের সঙ্গে। তাঁদের কাছ থেকে পরামর্শ নিতে পারত।

তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সঙ্গে নিয়ে অর্থ মন্ত্রণালয়সহ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সংসদীয় কমিটির কাছে বিষয়টির গুরুত্ব ও গভীরতা তুলে ধরতে পারত। এফবিসিসিআইয়ের দ্বারস্থ হতে পারত।

তদবির ও লবিং ব্যর্থ হলে ডিএসই কর্তৃপক্ষ আইনি সহায়তার দিকে এগোতে পারত। প্রয়োজনে মামলা করতে পারত। কিন্তু কিছুই করেনি।

বিএসইসি বাজার উন্নয়নে তাদের মতো করে কাজ করে যাচ্ছে। ডিএসই তাদের কাজের অসংগতিগুলো ধরিয়ে দিতে পারত। সিদ্ধান্তগুলো আরও বেশি বাজার ও বিনিয়োগবান্ধব করতে সহায়তা করতে পারত। কিন্তু তা কিছুই করেনি।

এসএমই মার্কেটে শেয়ার কেনাবেচার ৩০ লাখ টাকার সীমা কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। কিন্তু তিন প্রান্তিকের বিষয়টি বহাল রাখা হয়েছে। প্রান্তিকের বিষয়টি বাদ দেওয়া যৌক্তিক। এটি বাদ দিলে বিনিয়োগকারী ১০ লাখ টাকা জমা দিয়েই এসএমই খাতের শেয়ার কেনার সুযোগ পেতেন। এ বিষয়েও ডিএসইর কিছু করণীয় ছিল।

সম্প্রতি কামাল আহমেদ নামের এক বিনিয়োগকারী প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দিয়েছেন। চিঠিতে ডিএসইর অবৈধ নিয়োগ দেওয়া পাঁচ কর্মকর্তার নামসহ সাত কর্মকর্তার অবৈধ শেয়ার ব্যবসার অভিযোগ তুলেছেন তিনি। তিনি ডিএসইর আশু সংস্কার চেয়েছেন।

বাজার ব্যবস্থাপকেরা ক্যাসিনোর অনুষঙ্গ পুঁজিবাজারে বহাল রেখেছেন। এ বিষয়টিও বিনিয়োগকারীদের অস্বস্তির কারণ। মার্জিন যদি দিতেই হয়, তাহলে মার্জিন প্রদানের বিষয়টি সম্পূর্ণভাবে মার্চেন্ট ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া সমীচীন হবে। মার্চেন্ট ব্যাংক ‘কেওয়াইসি’ ভিত্তিতে ঋণ দেবে।

স্টক ব্রোকারদের ফ্রি লিমিট প্রথমে ছিল পাঁচ কোটি টাকা। এখন আছে ১০ কোটি টাকা। এটি বেড়ে ১৫ কোটি টাকা হতে যাচ্ছে। কিন্তু এ লিমিটের প্যারামিটার কী, তা নির্ধারণ করা হয়নি।

বর্তমান ব্যবস্থায় ক্রয়-বিক্রয়ের সমন্বয় না করে শুধু কেনার লিমিট আমলে নেওয়া হচ্ছে। বিক্রির হিসাব আমলে নেওয়া হচ্ছে না। এসব টেকনিক্যাল ও খুঁটিনাটি বিষয়গুলোর ওপর ডিএসইর নজর দেওয়া উচিত। কিন্তু তারা নজর দেয় না। ফলে বাজারের ইন্সট্রুমেন্টগুলোর কার্যকারিতা দুর্বল হয়ে পড়ে।

ডিএসই এটিবি মার্কেট চালু করেছে সেই কবে। কিন্তু এর কোনো কার্যকারিতা নেই। ২০-২২টি কোম্পানি এ মার্কেটের দিকে আগ্রহী হয়েছিল। কিন্তু আইনি জটিলতার কারণে তারা আগ্রহ হারায়। ধরা খেয়েছে শুধু লংকাবাংলা।

এ বাজারকে কার্যকর করারও কোনো উদ্যোগ ডিএসই কর্তৃপক্ষের নেই। এসব ছোট ছোট কাজও বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ডিএসইর সেসব বোঝার ক্ষমতাও নেই।

উদ্ভূত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিএসইর করপোরেট অফিস মতিঝিলে নিয়ে আসা উচিত। হেড অফিস নিকুঞ্জে থাকতে পারে। এ ব্যবস্থায় ডিএসইর অপকার্যক্রম কমে যাবে। পরিচালন ব্যয়ও কমবে।

ডিমিউচুয়ালাইজড ডিএসই ইতোমধ্যেই অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এটিকে কার্যকর করতে অবিলম্বে ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্টের প্রয়োজনীয় সংশোধন আনা জরুরি।

ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন ডিএসই সদস্য বা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য করা হয়নি। করা হয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ৩০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তির ডলার ছাড় করার স্বার্থে। এটি তাড়াহুড়া করে সম্পন্ন করা হয়েছে।

ডিএসইর ডিমিউচুয়ালাইজেশনের পেছনে আরও একটি কারণ ছিল। সেটি হলো, ডিএসইর আওয়ামীকরণ সম্পন্ন করা এবং স্বল্পমূল্যে ব্রোকারেজ হাউসের সদস্যপদ আওয়ামী নেতাদের হাতে তুলে দেওয়া। ওই দুটি উদ্দেশ্যই পূরণ হয়েছে।

গত সপ্তাহের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, টাকার অঙ্কে ১৪ খাতের শেয়ার সবুজ সংকেত পেয়েছে। শেয়ার লেনদেনেও ওই ১৪ খাত সবুজ সংকেত দেখিয়েছে।

উভয় ক্ষেত্রে লাল সংকেত দেখিয়েছে সাত খাত। খাতভিত্তিক রিটার্ন ডিস্ট্রিবিউশনে ৯ খাত সবুজ বাতি জ্বালিয়েছে। ১২ খাতে লাল সংকেত। ডিএসইর মার্কেট পিই ৮.২১। দারুণ ক্রয়-অনুকূল পিই অবস্থান।

গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশের তালিকায় ‘এ’ গ্রুপের সাতটি শেয়ার ছিল। শেয়ারগুলো হলো মালেক স্পিনিং, আইপিডিসি, এসপিসিএল, ফেকডিল, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও সিটি ব্যাংক। ‘বি’ গ্রুপের শেয়ার ছিল তিনটি। শেয়ার তিনটি হলো বেক্সিমকো, একমি ও সায়হাম টেক্সটাইল।

দাম বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় ছিল ‘বি’ গ্রুপের পাঁচটি শেয়ার। শেয়ার পাঁচটি হলো বেক্সিমকো, শিপইয়ার্ড, এসপি সিরামিক, সোনারগাঁ টেক্সটাইল ও একমি। ‘এ’ গ্রুপের সিকিউরিটিজ ছিল দুটি। এর একটি আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, অন্যটি পূবালী ব্যাংক। ‘জেড’ গ্রুপের শেয়ার ছিল তিনটি। শেয়ার তিনটি হলো রিজেন্ট টেক্সটাইল, আনলিমা ও তুংহাই টেক্সটাইল।

গত সপ্তাহের বাজারচিত্রেও আস্থার ঘাটতির প্রকট প্রকাশ ঘটেছে। দৃশ্যমান ছিল বাজারের আন্তঃশক্তির দুর্বলতাও। পূরণ হয়নি ডিএসইর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির প্রত্যাশা। ডিএসইর সূচকগুলো ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা সত্ত্বেও উঠতে পারেনি। সূচকের মাথায় মুগুর মেরে উত্থান ঠেকিয়ে দেওয়া হয়েছে। এভাবেই চলতে থাকবে?

লেখক: পুঁজিবাজার বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad