সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: টিভি থেকে
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: টিভি থেকে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনসহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ হচ্ছে। এ পরিস্থিতিতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আজ আগুনে পুড়ে একজনের মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে, বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

গত সাত মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে কথা বলে আসছেন উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট ও দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন বা অন্তত একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন— সংসদ সদস্যরা এমন আশা করেছিলেন বলে জানান নাহিদ ইসলাম। সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়ায় তিনি বলেন, দেশের এই সামগ্রিক উদ্বেগজনক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী, সরকার ঠিক কী ব্যবস্থা নিচ্ছে— আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা ও ভারতের সাথে কূটনৈতিক পদক্ষেপে সরকারের এই ব্যর্থতার বিষয়ে আমরা স্পষ্ট জবাবদিহি আশা করছি।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার বিদেশে চলে যাচ্ছেন— এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে, সে প্রশ্নও রাখেন নাহিদ ইসলাম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad