সত্য প্রতিষ্ঠা ও আপস-রফার রাজনীতি

আবদুল আলিম
সত্য প্রতিষ্ঠা ও আপস-রফার রাজনীতি। লেখক: আবদুল আলিম। গ্রাফিক্স: রাজনীতি ডটকম
সত্য প্রতিষ্ঠা ও আপস-রফার রাজনীতি। লেখক: আবদুল আলিম। গ্রাফিক্স: রাজনীতি ডটকম

রাজনীতিতে গণমানুষকে সঙ্গে নিয়ে ‘সামনে থেকে নেতৃত্ব’ দেওয়ার সক্ষমতা খুব জরুরি। জনগণের সঙ্গে তাল মিলিয়ে চলা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও কাজটি মোটেও সহজ নয়। জনগণের নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠা না করে বাইরের শক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে এ কাজ করা যায় না।

জনগণের চাওয়া কখনো কখনো ‘ভুল’ বলেও মনে হতে পারে। বিচক্ষণ রাজনৈতিক নেতাকর্মীরা নিজেদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে সেই চাওয়ার যথার্থতা বিচার করেন। এ কারণে কখনো তারা আপসহীন থাকেন, আবার কখনো আপস করেন। রাজনীতি মূলত আপসহীন থাকা এবং আপস-রফার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার শিল্প বললে ভুল হবে না।

এ ক্ষেত্রে ইতিহাসের দুটি উদাহরণ প্রাসঙ্গিক। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের আপাত সাফল্যের পর ১৯৭০ সালে মওলানা ভাসানী জনগণের চাওয়া বুঝে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে আপস করেছিলেন। বৃহত্তর ঐক্যের স্বার্থে পূর্ব বাংলার জনমতকে একাট্টা রাখতে তিনি নিজের প্রজ্ঞা দিয়ে ভূমিকা রেখেছিলেন। এ কারণে ইয়াহিয়ার গোলটেবিল বৈঠকে যাননি, নির্বাচনে অংশও নেননি; বরং নিজের আস্থাভাজন ‘মুজিবর’কে পাঠিয়েছিলেন।

তখন তার পুরোনো রাজনৈতিক সঙ্গী কমিউনিস্টরা মনে করেছিল, জনগণের বিপ্লবী চেতনা প্রস্তুত এবং শাসকশ্রেণিকে সম্পূর্ণ উচ্ছেদের উপযোগী বিপ্লবী পরিস্থিতি তৈরি হয়েছে। তাই তাদের স্লোগান ছিল— ভোটের বাক্সে লাথি মারো, সমাজতন্ত্র কায়েম করো! এরপর যা ঘটেছিল, তা ইতিহাস। মওলানা ভাসানীর আপসের ভূমিকা ছাড়া পূর্ব বাংলাকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশ প্রতিষ্ঠা করা অসম্ভব ছিল।

আপসহীন থাকার উদাহরণও রয়েছে এ দেশের আরেকটি গণঅভ্যুত্থানে। এরশাদের গোলটেবিল বৈঠকে শেষ পর্যন্ত আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার মতো করে পাতানো ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নেননি তিনি। এর ফল হয়েছিল ব্যাপক গণজাগরণ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং স্বৈরাচারী এরশাদের পতন।

সঠিকভাবে আপসহীন থাকা এবং প্রয়োজনের সময় আপস-রফা করতে পারার সম্ভবত একটিই অব্যর্থ সূত্র— নিজ দলের বা গোষ্ঠীর স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে বড় করে দেখা। একটি রাজনৈতিক দলকে দেশের সব মানুষের কাছে গ্রহণযোগ্য থাকতে হলে দলীয় স্বার্থ ও এজেন্ডা বাস্তবায়নে বলপ্রয়োগের মাত্রা সম্পর্কে সচেতন থাকতে হবে।

২০২৪ সালে শেখ হাসিনা ক্ষমতার দম্ভে ও গোষ্ঠীস্বার্থে অন্ধ হয়ে মাত্রাহীন নিষ্ঠুরতা চালিয়েছেন। জনগণের একটি অংশকে অস্বীকার করে শাস্তি দিয়ে দাবিয়ে রাখতে চেয়েছেন। রাষ্ট্রশক্তির সর্বোচ্চ ব্যবহার করে জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েও শেষ পর্যন্ত ক্ষমতা রক্ষা করতে পারেননি। একইভাবে ১৯৭১ সালে জামায়াত জনগণের বৃহত্তর অংশকে অস্বীকার করে তাদের শাস্তি দিয়ে দাবিয়ে রাখতে চেয়েছিল। রাষ্ট্রশক্তির সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল।

এমনকি আওয়ামী লীগ ও জামায়াতের নিজেদের ভুল রাজনৈতিক বয়ানে আপসহীন থাকা এবং পালিয়ে যাওয়ার ইতিহাসেও আশ্চর্য রকমের মিল রয়েছে। জামায়াত পালিয়েছিল পাকিস্তানে ও লন্ডনে, আর ২০২৪ সালে আওয়ামী লীগ পালিয়েছে ভারতে ও লন্ডনে। হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে মিথ্যাচার ছড়ানো, মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া অস্বীকার করা এবং নিজেদের মিথ্যা বয়ানের পুনঃ পুনঃ গোয়েবলসীয় প্রচার— সবকিছুতেই মিল দেখা যায়।

এখন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এ দেশে প্রকাশ্যে রাজনীতি করতে চাইছে। জামায়াত অপেক্ষা করেছিল চার বছর— ১৫ আগস্টের মতো নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর আন্তর্জাতিক আয়োজন, সামরিক অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানসহ নানা ওলটপালটের পর। অন্যদিকে আওয়ামী লীগ অপেক্ষা করেছে দুই বছর। তারাও আন্তর্জাতিক আয়োজন, সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানসহ নানা রাজনৈতিক ওলটপালটের অপেক্ষায় রয়েছে।

তবে পর্দার আড়ালের এসব আয়োজন ছাড়াই আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফিরতে পারে এবং সঠিক ভূমিকা রাখতে পারে, যদি তারা ‘সত্য স্বীকার ও আপসের পথ ধরে। বর্তমানে দলটি যে সহিংস আচরণ করছে, তা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরার পথে বড় বাধা। তাদের বুঝতে হবে, রাজনৈতিক পুনর্বাসনের জন্য সহিংসতা কোনো কার্যকর পদ্ধতি নয়; বরং এটি ব্যর্থ কৌশল। ২০১৩ সালে জামায়াতের সহিংসতা দমনের অভিজ্ঞতা থাকা একটি রাজনৈতিক দলের বিষয়টি বুঝতে পারার কথা।

রাষ্ট্রশক্তির সর্বোচ্চ মনোযোগ ও শক্তি রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হলে রাষ্ট্র আবারও ব্যর্থতার দিকে এগিয়ে যাবে। এ দেশে আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ শতাংশের একটি নিশ্চিত ভোটব্যাংক রয়েছে। কিন্তু রাজনীতিতে ক্ষমতায় থাকতে হলে দেশের আপামর শান্তিকামী মানুষের সমর্থনও অপরিহার্য।

স্থায়ী ভোটব্যাংকের বাইরের সচেতন ও পরিবর্তনকামী ভোটাররাই মূলত সব দলের জন্য নির্ধারক। সাম্প্রতিক কয়েকটি নির্বাচন অন্তত সে কথাই বলে। এই সমর্থন পেতে হলে ‘প্রতিশোধ নেওয়া’, ‘হ্যাডম দেখানো’ ও ‘শান্তিতে থাকতে দেয়া হবে না’— এমন মানসিকতার রাজনৈতিক কৌশল পরিহার করে শান্তির পথে হাঁটতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানকে অস্বীকার করে বা নাকচ করে বাংলাদেশে রাজনৈতিক বৈধতা পাওয়া যাবে না। ১৯৭১ সালের গণহত্যার দায় অস্বীকার করে জামায়াতের রাজনৈতিক পথপরিক্রমা থেকেও বিষয়টি বোঝা যায়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীরা নির্মোহভাবে ইতিহাস পাঠ এবং নিজেদের কৃতকর্মের নিরলস পর্যালোচনা করতে পারলেই কেবল এ পথ তৈরি হতে পারে।

লুটের টাকায় বিদেশে সাম্রাজ্য গড়ে তোলা দখলদারদের স্বার্থ অবশ্য ভিন্ন। দলের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার চেয়ে নিজেদের লুটের সম্পদের ভবিষ্যৎ নিয়েই তারা বেশি আগ্রহী। সম্পদ অর্জনের জন্যও তারা দলকে ব্যবহার করেছেন। এবারও দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ঠেলে দিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় নিজেদের সম্পদ রক্ষার লড়াইয়ে নেমেছেন।

আন্তর্জাতিক লুটেরাদের খপ্পর থেকে দলকে সঠিক পথে রাখতে হলে সেই একই সূত্র অনুসরণ করতে হবে— নিজ দলের বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে জনগণের স্বার্থকে স্থান দেওয়া। জনগণের মনের ভাষা বুঝে সত্য প্রতিষ্ঠা এবং আপস-রফার রাজনৈতিক প্রজ্ঞা দেখানো এখন জরুরি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের প্রথম ও প্রধান শর্ত হলো সব ধরনের দলীয় ও রাষ্ট্রীয় সহিংসতা পরিহার করা। অন্যায়ের নির্মোহ বিচার এবং সত্য প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন থাকতে হবে। একই সঙ্গে অন্যদের ক্ষমা করে আপস করার মানসিকতা নিয়ে সামনে এগোতে হবে। এর কোনো বিকল্প নেই।

প্রশ্ন হলো— এই প্রক্রিয়ায় ‘ধাত্রী’র ভূমিকা কে পালন করবে? অবশ্যই ক্ষমতাসীন সরকারকে এ দায়িত্ব নিতে হবে। বিএনপি চেয়ারপারসনকেও এই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় একাত্তর ও চব্বিশের ‘ট্রুথ ও রিকনশিলিয়েশন’ প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের এত আত্মত্যাগ ও রক্তপাত আবারও বৃথা যাবে। এই ভূখণ্ডের মানুষ আর কত অপচয় সহ্য করবে!

লেখক: সাধারণ সম্পাদক, কৃষক-মজুর সংহতি

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad