শরীয়তপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আরও একজনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
নিহত নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
নিহত নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান নিজামউদ্দিন মৃধা (৪০)। এ তথ্য জানিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

নিহত নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে দলটির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। এর আগে রোববার ভোরে একই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সিপাহী (৩০)। তিনি শরীয়তপুর সদর এলাকার বাসিন্দা।

রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানায় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থল শরীয়তপু‌রের জাজিরার নাওডোবা এলাকায়। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানায় তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, বর্তমানে পদ্মা সেতু এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যানমালের নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে পুলিশের টহল রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad