আইসিজের রায়ের পর— রোহিঙ্গা সংকটের অপরিশোধিত বিল ও বাংলাদেশ

সাইমন মোহসিন
আইসিজের রায়ের পর— রোহিঙ্গা সংকটের অপরিশোধিত বিল ও বাংলাদেশ। লেখক: সাইমন মোহসিন। গ্রাফিক্স: রাজনীতি ডটকম
আইসিজের রায়ের পর— রোহিঙ্গা সংকটের অপরিশোধিত বিল ও বাংলাদেশ। লেখক: সাইমন মোহসিন। গ্রাফিক্স: রাজনীতি ডটকম

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার চূড়ান্ত রায় দিয়েছেন। আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেছেন, আদালত পুরোপুরি নিশ্চিত যে মিয়ানমার গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ করেছে।

আদালতের মতে, প্রমাণ থেকে একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হলো— উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস করাই ছিল উদ্দেশ্য। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

বিশ্বের কাছে এটি একটি আইনি শিরোনাম। বাংলাদেশের কাছে এটি আরও বড় কিছু। প্রায় এক দশক ধরে বিশ্ব রোহিঙ্গা সংকটকে একটি দীর্ঘ মানবিক সমস্যা হিসেবে সামলে এসেছে। এখন সর্বোচ্চ আদালত এর উৎস চিহ্নিত করেছেন।

তবে একটি কথা শুরুতেই পরিষ্কার থাকা দরকার— রায় বাংলাদেশের হাতে টাকা পাঠাবে না। তাৎক্ষণিক প্রত্যাবাসনও নিশ্চিত করবে না। তাই রায়কে শুধু আইনি মাইলফলক হিসেবে দেখলে ভুল হবে। এটি একটি দর-কষাকষির সূচনা। প্রশ্নটি হলো— এই সংকটের খরচ কে বহন করবে?

রায় কী বদলাল, কী বদলাল না

রায় একটি মৌলিক সত্য প্রতিষ্ঠা করেছে। রোহিঙ্গাদের বাস্তুচ্যুতি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এর পেছনে আছে একটি রাষ্ট্রের আন্তর্জাতিকভাবে অবৈধ কাজ। ফলে এটি এখন আর শুধু বাংলাদেশের শরণার্থী ব্যবস্থাপনার সমস্যা নয়, আন্তর্জাতিক আইনি দায়ের প্রশ্ন।

তবে সীমাবদ্ধতাও বাস্তব। আইসিজে নিজের রায় কার্যকর করতে পারে না। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী মামলার পক্ষ নিরাপত্তা পরিষদে যেতে পারে, কিন্তু সেখানে চীন ও রাশিয়ার ভেটো আছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন এখনো অনিষ্পন্ন। দুটি প্রক্রিয়াই জবাবদিহিকে শক্তিশালী করে। কিন্তু কোনোটিই বাংলাদেশের বিল পরিশোধ করে না।

সংখ্যার হিসাব: সংহতির ঘোষণা আছে, অর্থ নেই

বাংলাদেশে এখন প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আছে। এর মধ্যে প্রায় দেড় লাখ এসেছে ২০২৪ সালের শুরু থেকে মিয়ানমারে নতুন সহিংসতার পর। চলতি বছরের যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) চাওয়া হয়েছে ৭১ কোটি ৫ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে ২৬ শতাংশ কম। এই অর্থে জীবন রক্ষার ন্যূনতম সহায়তার বাইরে প্রায় কিছুই হয় না। তবু সেটুকুও পূরণ হয়নি। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এসেছে ৪৮ কোটি ৯১ লাখ ডলার, অর্থাৎ ৬৮ দশমিক ৮ শতাংশ। বছর শেষ হতে চললেও ঘাটতি প্রায় ২২ কোটি ডলার।

আগের বছরের চিত্র আরও হতাশাজনক। ২০২৫ সালের ৯৩ কোটি ৪৫ লাখ ডলারের আবেদনের বিপরীতে বছর শেষে এসেছিল মাত্র ৪৩ কোটি ৪৫ লাখ ডলার, অর্থাৎ ৪৬ শতাংশ বা অর্ধেকেরও কম। ফলে চাহিদা কমিয়ে দেখানো হচ্ছে, তবু তহবিল জোগাড় হচ্ছে না।

পশ্চিমা দেশগুলো কিছুই দেয়নি— এ কথা বলা অন্যায় হবে। ২০১৭ থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় প্রায় ৫৪২ কোটি ডলার দিয়েছে, যার সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। কিন্তু সমস্যা হলো এই সহায়তার অস্থিরতা।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র দিয়েছিল ৩০ কোটি ৬ লাখ ডলার, যা মোট তহবিলের ৫৫ শতাংশের বেশি। ২০২৫ সালে তা নেমে আসে ১৫ কোটি ৬০ লাখ ডলারে, মোট তহবিলের সাড়ে ৩১ শতাংশে। একটি দেশের বাজেট সিদ্ধান্তে পুরো ব্যবস্থা টলে যায়, এটিই সবচেয়ে বড় ঝুঁকি।

যুক্তরাজ্যের সহায়তাও ওঠানামা করেছে। ২০২৪-২৫ সালে ছিল চার কোটি ৩০ লাখ পাউন্ড। ২০২৬-২৭ সালের বরাদ্দ তার অর্ধেকেরও কম— এক কোটি ৮১ লাখ ৫০ হাজার পাউন্ড।

এর প্রভাব রোহিঙ্গা শিবিরে স্পষ্ট। এপ্রিল থেকে খাদ্যসহায়তা তিন স্তরে ভাগ হয়েছে। চরম খাদ্য-নিরাপত্তাহীন পরিবার জনপ্রতি মাসে ১২ ডলার পায়, উচ্চ খাদ্য-নিরাপত্তাহীন পরিবার ১০ ডলার। বাকি খাদ্য-নিরাপত্তাহীন পরিবারগুলো পায় ৭ ডলার, আর এরাই মোট পরিবারের প্রায় ৭০ শতাংশ।

শিক্ষাও ভেঙে পড়ছে। হিউম্যান রাইটস ওয়াচ গত সপ্তাহে জানিয়েছে, দাতাদের তহবিল ধসে পড়ায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম টিকে থাকতে হিমশিম খাচ্ছে। খাদ্য আর শিক্ষা কমলে বাড়ে পাচার, বাল্যবিবাহ, মাদক আর সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ। সেই দায় শেষ পর্যন্ত বাংলাদেশের ঘাড়েই পড়ে।

বিলের অদৃশ্য অংশ

জেআরপিকে প্রায়ই সংকটের পুরো খরচ বলে ধরা হয়। আসলে তা নয়। এটি শুধু শরণার্থীদের সরাসরি সেবার একটি সংকুচিত তালিকা। বাংলাদেশ নিজে যা ব্যয় করে বা হারায়, তার বেশির ভাগই এর বাইরে। খরচ ছড়িয়ে আছে অন্তত ছয়টি খাতে— রাজস্ব ও প্রশাসন, অবকাঠামো, পরিবেশ ও বন, নিরাপত্তা ও সীমান্ত, স্থানীয় শ্রমবাজার ও সামাজিক সম্প্রীতি এবং দীর্ঘমেয়াদি কৌশলগত ঝুঁকি।

উখিয়া-টেকনাফের মানুষ প্রতিদিন এই খরচ টের পান। দিনমজুরি কমেছে, জিনিসপত্রের দাম বেড়েছে, বন উজাড় হয়েছে। অথচ চলতি বছরের পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ মাত্র তিন কোটি ৬২ লাখ ডলার।

তহবিলের প্রবাহ নিয়েও প্রশ্ন আছে। কক্সবাজারের স্থানীয় সংগঠনগুলোর এক বিশ্লেষণ বলছে, ২০২৬ সালের জেআরপির প্রায় ৮৮ শতাংশ অর্থ জাতিসংঘ সংস্থাগুলোর হাতে। স্থানীয় প্রতিষ্ঠান থাকছে প্রান্তে।

আরেকটি উদ্বেগ প্রায় আলোচনার বাইরে থেকে যায়। বিশ্বব্যাংকের আইডিএ তহবিল থেকে ২০২৫-২৬ সালের জন্য ৭০ কোটি ডলার সম্মত হয়েছে, যার একটি অংশ ঋণ। এশীয় উন্নয়ন ব্যাংক থেকেও ৩২ কোটি ডলার আসার কথা। এখানে নীতিগত প্রশ্নটি গুরুতর— যে সংকট মিয়ানমার তৈরি করেছে বলে আদালত এখন নিশ্চিত করেছেন, তার খরচ বাংলাদেশ কেন ঋণ নিয়ে মেটাবে? রায়ের পর এই প্রশ্ন জোর দিয়ে তোলার সময় এসেছে।

বাংলাদেশ নিজের ক্ষতির পরিমাণ সংখ্যায় দেখাতে পারছে না, এটি তার অবস্থানকে দুর্বল করে। তাই একটি স্বাধীন জাতীয় ব্যয় মূল্যায়ন জরুরি। সেখানে আলাদা করে হিসাব করতে হবে সরাসরি মানবিক ব্যয়, সরকারের বাড়তি খরচ, স্থানীয় অর্থনীতির ক্ষতি, পরিবেশ পুনরুদ্ধারের খরচ এবং নিরাপত্তা ব্যয়। বিশ্বাসযোগ্য একটি অঙ্ক নৈতিক আবেদনকে দর-কষাকষির অবস্থানে পরিণত করবে।

আইনি দায় আর দায় ভাগাভাগি এক নয়

বাংলাদেশের যুক্তিকে আইনি যাচাইয়ে টিকতে হবে। এ জন্য তিন ধরনের দায় আলাদা রাখা দরকার। প্রথমটি মিয়ানমারের নিজের দায়— আদালতের রায় অনুযায়ী তার অবৈধ কাজের পরিণতি মেটানো। দ্বিতীয়টি অন্য রাষ্ট্রগুলোর আইনি দায়— গণহত্যা সনদের প্রথম অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়া সব সদস্য রাষ্ট্রের দায়িত্ব। তৃতীয়টি আন্তর্জাতিক দায় ভাগাভাগি— রাজনৈতিক ও আর্থিক দায়।

এই পার্থক্য দুটি ভুল এড়াতে সাহায্য করে। রায় পশ্চিমা দেশগুলোকে বাংলাদেশের খরচ মেটাতে বাধ্য করে— এমন দাবি আইনত ভুল। আবার মামলাটি শুধু মিয়ানমারের, তাই বাংলাদেশের প্রতি দাতাদের আর কোনো দায় নেই— এ যুক্তিও সমান ভুল। বাংলাদেশের মূল প্রস্তাব তাই হওয়া উচিত সহজ— মিয়ানমারের দায় স্বীকৃত হওয়ার পর তার পরিণতির ভার একা বাংলাদেশের ঘাড়ে থাকতে পারে না।

বাংলাদেশের দাবি কী হওয়া উচিত

প্রতিবছর বাড়তি অনুদানের জন্য হাত পাতার পুরোনো ধারা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। প্রস্তাব করতে হবে একটি কাঠামোবদ্ধ দায় ভাগাভাগির ব্যবস্থা।

এর কেন্দ্রে থাকবে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত একটি পাঁচ বছর মেয়াদি অর্থায়ন চুক্তি, যার তিনটি আলাদা অংশ থাকবে।

প্রথম অংশ শরণার্থী সহায়তা— খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা। দ্বিতীয় অংশ আশ্রয়দাতা দেশ ও স্থানীয় জনগোষ্ঠী— অবকাঠামো, সরকারি সেবা, বন পুনরুদ্ধার ও সরকারের যাচাইকৃত বাড়তি ব্যয়। তৃতীয় অংশ নিরাপত্তা ও টেকসই সমাধান— শিবিরের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, পাচার রোধ, জবাবদিহি ও প্রত্যাবাসনের প্রস্তুতি।

সব অর্থ হতে হবে বাড়তি, পূর্বানুমেয় ও স্বাধীনভাবে তদারকি করা। বাংলাদেশের নিয়মিত উন্নয়ন সহায়তাকে নতুন নামে রোহিঙ্গা সহায়তা বলে চালানো যাবে না। রোহিঙ্গা-সংশ্লিষ্ট ব্যয় হতে হবে অনুদান, ঋণ নয়।

একটি সীমারেখাও সতর্কভাবে রক্ষা করতে হবে— শরণার্থীদের জীবিকা ও শিক্ষার সুযোগ বাড়ানো ন্যায্য দাবি। কিন্তু তা যেন স্থায়ী একীভূতকরণের পেছনের দরজা না হয়।

সময়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নভেম্বরের বাকি দিনগুলোতে বাংলাদেশের অসম বোঝার স্বীকৃতি দিয়ে একটি যৌথ বিবৃতির চেষ্টা করা উচিত। ডিসেম্বরে দাতাদের সঙ্গে পরামর্শ করে চুক্তির খসড়া উপস্থাপন করা উচিত।

এরপর ২০২৭ সালের শুরুতে স্বাধীন ব্যয় মূল্যায়ন প্রকাশ করা দরকার। এই আলোচনায় শুধু পশ্চিমা দেশ নয়, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, আসিয়ান ও উপসাগরীয় দেশগুলোকেও যুক্ত করতে হবে।

রায়ের পর সবচেয়ে বড় ঝুঁকি একটি পরিচিত চক্র। সরকারগুলো রায়কে স্বাগত জানাবে। বাংলাদেশের উদারতার প্রশংসা করবে। তারপর আগের মতোই অপর্যাপ্ত তহবিলে ফিরে যাবে। এই পরিণতি মেনে নেওয়া যায় না।

সাফল্যের মাপকাঠিও তাই ঠিক করতে হবে। কতগুলো সরকার রায়কে স্বাগত জানাল, তাতে কিছু আসে-যায় না। আসল মাপকাঠি হলো কত নতুন অর্থ এলো, তার কত অংশ অনুদান, স্থানীয় জনগোষ্ঠী কী পেল, আর নিরাপদ প্রত্যাবাসনের পথে কতটা অগ্রগতি হলো।

বাংলাদেশ অসাধারণ মানবিক দায়িত্ব পালন করেছে। ভুটানের মোট জনসংখ্যার চেয়েও বেশি মানুষকে আশ্রয় দিয়েছে, সেটিও নিজের উন্নয়ন ও নিরাপত্তার চ্যালেঞ্জ সামলেই। হেগের রায় বিতর্কের শর্ত বদলানোর একটি বিরল সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে আইনি স্বীকৃতিকে কার্যকর দায় ভাগাভাগিতে রূপ দিয়ে। যে দেশ সাময়িক আশ্রয় দিয়েছে, তাকে অন্য দেশের তৈরি সংকটের স্থায়ী অর্থদাতা, প্রশাসক ও নিরাপত্তারক্ষী বানানো যায় না।

লেখক: রাজনৈতিক ও আন্তর্জাতিকবিষয়ক বিশ্লেষক; রিসার্চ ফেলো, বাংলাদেশ নীতি গবেষণা কেন্দ্র; অ্যাফিলিয়েট রিসার্চার, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad