প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঐক্যের ‘দীর্ঘমেয়াদি রোডম্যাপ’ চাইল এনসিপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতীয় ঐক্যের ‘দীর্ঘমেয়াদি রোডম্যাপ’ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধন কমিটি বাতিলের আহ্বান জানিয়েছে দলটি। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরেন এনসিপির নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সচিবালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান, বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি ভবিষ্যতে কীভাবে মোকাবিলা (ডিল) করা হবে, সে জন্য দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তারা। এ ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, বিচার, সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। দুপুর ১টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠক চলে প্রায় ৪০ মিনিট। আলোচনা ও মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
-4fbe1b.jpg)
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও জুলাই অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকারপ্রধান ঐক্যের আহ্বান জানিয়েছেন। কী কী হলে এই ঐক্যটা আরও সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে একটা জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার একটা ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত, সেটি আমরা বলেছি। এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদী রোডম্যাপ (পথনকশা) প্রয়োজন।’
বর্তমান পরিস্থিতির জন্য গত সাত-আট মাসের বিভিন্ন ঘটনাকে দায়ী করেন নাহিদ। তিনি বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘যেকোনো ধরনের ঐক্যের প্রশ্নে আমাদের অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ জানিয়েছি।’
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি
বৈঠকে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিষয়টি তুলে ধরেছে এনসিপি। দলটির আহ্বায়ক বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুসারে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
জুলাই অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার দ্রুত শেষ করার দাবিও জানিয়েছে দলটি। এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বিচারের বিষয়ে আমরা বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলা পর্যায়েসহ বিভিন্ন জায়গায় হওয়া মামলাগুলোর তদন্ত করে অভিযোগপত্র দেওয়া ইত্যাদি আইনি প্রক্রিয়া যাতে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়, জুলাইয়ের ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান।’
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে নাহিদ বলেন, ‘আমরা চেয়েছি, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ওনারা বলছেন, ওনারা এগুলো বিবেচনা করবেন।’
বৈঠকের পর আলোচনার ফল নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সরকার এনসিপির প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে। তবে শুধু আলোচনা নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চায় তাঁর দল। তিনি বলেন, ‘আমরাও চাই না যে শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা হোক। তবে আলোচনার পথ থাকবে। আমরা চাই আলোচনাগুলো থাকবে। কিন্তু আলোচনাগুলো ফলপ্রসূ করার জন্য অ্যাকশনটা দেখতে চাই, সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যদি সরকার অ্যাকশনে যায়, কাজ করে, জনগণের ট্রাস্ট নেওয়ার চেষ্টা করে, আমাদের ট্রাস্ট নেওয়ার চেষ্টা করে, তখন আমরা বলতে পারব যে এই বৈঠক সফল হয়েছে।’
ভারত ও পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা
ভারতের সঙ্গে সম্পর্ক এবং দেশটির ভূমিকা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ভারতের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করে এনসিপি। এ পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের জনগণকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
নাহিদ ইসলাম বলেন, ‘এটা এখন খুবই সুস্পষ্ট যে বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। বৈশ্বিকভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা মিস–ইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ। আমাদেরও বৈশ্বিকভাবে তুলে ধরতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছেন, সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে।’
বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে সরকারের আলোচনা করার ওপরও গুরুত্ব দিয়েছেন এনসিপির নেতারা। এসব গোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার উদ্যোগ নিতে সরকারপ্রধানকে আহ্বান জানান তারা।
ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনায় বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। নাহিদ বলেন, ‘আমাদের পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনায় সরকার যাতে কোনো কম্প্রোমাইজ (আপস) না করে, সেটি আমরা বলেছি।’
তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। চুক্তি নবায়নের আলোচনায় বাংলাদেশের স্বার্থ যাতে অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান চেয়েছে দলটি।
বাংলাদেশের জন্য একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রস্তাবও দিয়েছে এনসিপি। নাহিদ বলেন, ‘আমরা বলেছি যে আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আমরা এর আগে দলীয় পররাষ্ট্রনীতি দেখেছি। আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি ছিল, বিএনপির পররাষ্ট্রনীতি ছিল। বাংলাদেশে যেন আধিপত্যবাদ প্রশ্নে একটি শেয়ার্ড, একটি যৌথ একটি জাতীয় ফরেন পলিসি যেন তৈরি হয়, সেটার ভিত্তিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এই প্রশ্নগুলো সুরাহা করতে হবে।’
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা
বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে দলটি।
নাহিদ ইসলাম বলেন, ‘শহীদ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কথাও আমরা বলেছি। জুলাই যোদ্ধাদের যাতে রাজনৈতিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেটার জন্য প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিতে বলেছি। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে-সেই আহ্বান জানিয়েছি।’
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়েও সরকারের পদক্ষেপ চেয়েছে এনসিপি। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে অপতথ্য মোকাবিলা এবং দেশের বিভিন্ন সামাজিক শক্তির মধ্যে ঐক্য গড়ে তুলতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
ঐক্যের ভিত্তি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা
জাতীয় ঐক্য গঠনে এনসিপি কোনো শর্ত দিয়েছে কি না, জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, এটি শর্তের বিষয় নয়; বরং ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করার জন্য অভিন্ন ভিত্তি তৈরির বিষয়।
তিনি বলেন, ‘আমাদের খুবই সুনির্দিষ্ট এজেন্ডা আছে। গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তা। এই প্রশ্নে এনসিপি এনসিপির জায়গা থেকে লড়াই করে যাবে। আমরা সেই লড়াইয়ে বর্তমান সরকার প্রধানকে আহ্বান জানিয়েছি। যেই ভিত্তিতে জাতীয় ঐক্য হলে আমরা সেখানে আছি এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা সেই লড়াইয়ে থাকতে চাই।’















-d971e3.jpg)