প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জোটবদ্ধ হয়ে অংশ নেবে জামায়াত

জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রী আয়োজিত সংলাপে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলাদা করে দল হিসেবে তারা এ সংলাপে অংশ নেবে না। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় সভাতেও তারা জোটবদ্ধভাবেই অংশ নেবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে কিশোরগঞ্জের শূন্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়ে সংসদ ভবনে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। এরপর জাতীয় ঐক্যের উদ্দেশ্যে সংলাপের ঘোষণা দিয়েছেন। আমাদের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত হয়েছে, আমরা জোটবদ্ধভাবেই এই সংলাপে অংশ নেব।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংলাপে অংশগ্রহণের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। বিরোধীদলীয় নেতা দেশের বাইরে থাকায় দিনক্ষণ নির্ধারণে কিছুটা সময় লাগছে। তবে এ বিষয়ে আলোচনা চলছে এবং খুব শিগগির দিন ঠিক হবে।
প্রধানমন্ত্রীর সংলাপে এনসিপির অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ১১ দলীয় জোটের শরিক হিসেবে এনসিপি জানিয়েছিল, জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সংলাপে অংশ নিলে তারাও আলাদাভাবে সেখানে যাবে না। তবে তারা সংলাপে অংশ নিতে গেলে সেটি জামায়াতের সঙ্গে আলাদা করে আলোচনার বিষয় নয়।
ঐক্যের সংলাপে অংশ নিতে জামায়াতের কোনো শর্ত রয়েছে কি না— জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় মেনে নেওয়া আপসহীন বিষয়। জামায়াতের সুস্পষ্ট বক্তব্য— সরকার গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য নতুন করে আহ্বান জানানোর প্রয়োজন হবে না।
নির্বাচন কমিশনের সভায় অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, মতবিনিময়ের জন্য ইসি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। জামায়াত সিদ্ধান্ত নিয়েছে, এ মতবিনিময় সভাতেও ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশ নেবে।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আপত্তি থাকলেও কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী। মিয়া গোলাম পরওয়ার বলেন, আসনটি শূন্য ঘোষণা ও নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবারের বৈঠকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ নির্বাচনে জামায়াতের আগের প্রার্থী জেহাদ খানই দলের প্রার্থী থাকবেন।
ইসিতে অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ নিয়ে জামায়াতের পক্ষ থেকে ব্যাপক আপত্তির কথা তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল। দলের উপদেষ্টা পরিষদ আগেই নির্বাহী পরিষদের অনুমোদন পেয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২৮ তারিখে মজলিসে শুরার বৈঠকেও এটি আলোচনার বিষয় হিসেবে রয়েছে।















