নেচে-গেয়ে আনন্দ প্রকাশেও রুচি ও শালীনতা জরুরি

জান্নাতুল বাকেয়া কেকা
নেচে-গেয়ে আনন্দ প্রকাশেও রুচি ও শালীনতা জরুরি

নৃত্য সহজ বাংলায় নাচ। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ছন্দময় ও শিল্পসম্মত সঞ্চালনের মাধ্যমে মনের ভাব, আবেগ ও অনুভূতি প্রকাশের একটি শিল্পমাধ্যম। সাধারণত গান কিংবা বাদ্যযন্ত্রের সুর ও ছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে নৃত্য পরিবেশিত হয়। এর মধ্য দিয়ে মানুষ সহজাত আনন্দ ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়। পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে নাচ-গানের চর্চা পৃথিবীর প্রায় সব সমাজেই প্রচলিত।

নৃত্য সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানেরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে এর তাৎপর্য কেবল বিনোদন কিংবা শৈল্পিক প্রকাশে সীমাবদ্ধ নয়। নৃত্যের মধ্য দিয়ে একটি জাতি বা জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়, আত্মিক বোধ, জীবনদর্শন ও ঐতিহ্য প্রকাশিত হয়। অর্থাৎ নৃত্য একটি সমাজের ইতিহাস, সংস্কৃতি ও নিজস্ব পরিচয়েরও প্রতিফলন।

জাতি, গোষ্ঠী ও দেশভেদে নৃত্যের ধরন ও বৈশিষ্ট্য আলাদা। সাধারণভাবে একে ধ্রুপদি নৃত্য, লোকনৃত্য, বিভিন্ন আদিবাসী ও নৃগোষ্ঠীর নিজস্ব নৃত্য এবং আধুনিক ও সমকালীন নৃত্যধারায় ভাগ করা যায়। প্রতিটি ধারার রয়েছে স্বতন্ত্র ইতিহাস, দর্শন ও সাংস্কৃতিক তাৎপর্য।

বিভিন্ন দেশের লোকাচার ও আতিথেয়তার সংস্কৃতিতেও নৃত্যের বিশেষ ভূমিকা রয়েছে। কোনো কোনো দেশে অতিথি আপ্যায়ন, রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনায় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়। চীনের সিংহ নৃত্য বা ‘লায়ন ড্যান্স’ এবং ‘ড্রাগন ড্যান্স’ এর পরিচিত উদাহরণ। এসব পরিবেশনা সৌভাগ্য, সমৃদ্ধি, মৈত্রী ও শুভকামনার প্রতীক।

রাশিয়ার ঐতিহ্যবাহী ‘খলেব-সল’ বা রুটি ও লবণ দিয়ে অতিথি বরণের প্রথাও সাংস্কৃতিক আতিথেয়তার একটি উল্লেখযোগ্য উদাহরণ। রাষ্ট্রীয় ও বিশেষ অতিথিদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত শিল্পীরা লোকসংগীত ও নৃত্যের মাধ্যমে স্বাগত জানান। বৃত্তাকারে দলবদ্ধ হয়ে পরিবেশিত ‘খোরোভোদ’ রাশিয়ার লোকজ সংস্কৃতির একটি পরিচিত নৃত্যধারা। এসব আয়োজনের মধ্য দিয়ে অতিথির প্রতি সম্মান, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা প্রকাশ পায়।

এখানেই নৃত্যের সঙ্গে কূটনীতির সম্পর্ক তৈরি হয়। একটি দেশ যখন অন্য দেশের রাষ্ট্রপ্রধান কিংবা গুরুত্বপূর্ণ অতিথিকে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে অভ্যর্থনা জানায়, তখন তা নিছক আনুষ্ঠানিকতা থাকে না। সংস্কৃতির ভাষায় প্রকাশ পায় বন্ধুত্ব, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধা। এভাবেই নৃত্য সাংস্কৃতিক কূটনীতির কার্যকর মাধ্যম হয়ে ওঠে।

চীনের নৃত্য ঐতিহ্যও এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশটির দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাসে নৃত্য, মার্শাল আর্ট, লোকজ ঐতিহ্য ও আধ্যাত্মিক দর্শনের গভীর সংযোগ রয়েছে। প্রায় ৫৬টি স্বীকৃত জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক, সংগীত, আচার ও নৃত্যধারা চীনের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। চীনা ধ্রুপদি নৃত্যে ঐতিহাসিক রাজদরবারের শিল্পরীতি, শারীরিক নমনীয়তা, মার্শাল আর্টের কৌশল ও শৈল্পিক অভিব্যক্তির সমন্বয় দেখা যায়। অন্যদিকে লোকনৃত্য সাধারণ মানুষের জীবনযাপন, কৃষিকাজ, উৎসব ও সামাজিক আনন্দের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।

সিংহ ও ড্রাগন নৃত্য চীনে সৌভাগ্য, সমৃদ্ধি, শক্তি ও মৈত্রীর প্রতীক হিসেবে পরিচিত। দেশটির সাংস্কৃতিক উৎসব থেকে শুরু করে আন্তর্জাতিক আয়োজনেও এসব নৃত্য পরিবেশিত হয়। এর মধ্য দিয়ে চীন তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় বিশ্বদরবারে তুলে ধরে। অর্থাৎ নৃত্য সেখানে বিনোদনের পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নেরও মাধ্যম।

ভারতীয় উপমহাদেশের নৃত্য ঐতিহ্যও অত্যন্ত সমৃদ্ধ। এর প্রতিটি ধারার পেছনে রয়েছে নিজস্ব ইতিহাস, আধ্যাত্মিকতা ও জীবনদর্শন। ভরতনাট্যম, কথক, মণিপুরি, ওডিশি ও কথাকলির মতো শাস্ত্রীয় নৃত্যে শরীরের সঞ্চালন, মুদ্রা, মুখের অভিব্যক্তি, সংগীত ও আধ্যাত্মিক দর্শনের অনন্য সমন্বয় রয়েছে। পাশাপাশি লোকনৃত্য এবং বিভিন্ন আদিবাসী ও নৃগোষ্ঠীর নৃত্য উপমহাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে।

বাংলাদেশের নৃত্য ঐতিহ্যও কম সমৃদ্ধ নয়। বাউল নৃত্য, লাঠিনাচ, ঢালিনাচ, গম্ভীরা, জারিনাচ, ছৌনাচ, ধামাইল, ধুনুচি নৃত্য, লেটো ও ছোকরা নাচসহ বিভিন্ন আঞ্চলিক নৃত্যধারা আমাদের মাটি ও মানুষের জীবন, সংগ্রাম, আনন্দ এবং সামাজিক ইতিহাসের কথা বলে। অঞ্চলভেদে এসব নৃত্যের ভাষা, ছন্দ, পোশাক ও পরিবেশনায় রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব ও কৈশোরের সঙ্গে লেটো দলের সম্পর্কও বিশেষভাবে উল্লেখযোগ্য। লেটো দলের সঙ্গে যুক্ত থাকার সময় তিনি গান লিখেছেন, সুর করেছেন, অভিনয় করেছেন এবং বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন। লোকজ সংস্কৃতির এই প্রত্যক্ষ অভিজ্ঞতা তার সৃষ্টিশীল মননকে সমৃদ্ধ করেছে। পরবর্তী সময়ে তার সাহিত্য, সংগীত ও চিন্তায় যে অসাম্প্রদায়িকতা, উদারতা, মানবিকতা ও বহুমাত্রিক সাংস্কৃতিক চেতনার প্রকাশ ঘটেছে, তার পেছনে শৈশবের এই অভিজ্ঞতারও ভূমিকা ছিল বলে মনে করা যায়।

এত দীর্ঘ সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরার কারণ একটাই— নৃত্যকে কেবল শরীরী অঙ্গভঙ্গি কিংবা বিনোদনের উপকরণ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তির রুচি, সমাজের মূল্যবোধ, জাতির ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়। নৃত্যের ধরন, পরিবেশনা এবং সংগীত নির্বাচনের মধ্য দিয়েও ব্যক্তির সাংস্কৃতিক বোধের পরিচয় ফুটে ওঠে।

এবার আসা যাক ব্যক্তির নৃত্যচর্চা, সামাজিক অবস্থান ও পেশাগত দায়বদ্ধতার প্রশ্নে।

একজন মানুষ নাচবেন কি নাচবেন না, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বাধীনতা। পারিবারিক কিংবা ব্যক্তিগত আয়োজনে কেউ নাচলে তাতে আপত্তির যৌক্তিকতা নেই। নৃত্য মানুষের নির্মল আনন্দ, সৃজনশীলতা ও আবেগ প্রকাশের স্বাভাবিক মাধ্যম। কারও ব্যক্তিগত স্বাধীনতায় অযৌক্তিক হস্তক্ষেপ সমর্থনযোগ্য নয়।

তবে ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক দায়বদ্ধতা এক বিষয় নয়। বিশেষ করে কেউ যখন জনপরিসরে পরিচিতি অর্জন করেন, তখন তার আচরণও অনেক সময় সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর তিনি যদি শিক্ষক হন, তাহলে তার পেশাগত পরিচয় ও সামাজিক ভূমিকার কারণে বিষয়টি আরও গুরুত্ব পায়।

নাচের বিরুদ্ধে আমার কোনো অবস্থান নেই। কিন্তু আলোচ্য ব্যক্তির ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় নেওয়া জরুরি।

প্রথমত, তিনি একজন পাবলিক ফিগার। ডাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের অবস্থান গ্রহণ এবং গত তিন বছর ধরে বিভিন্নভাবে সেই পক্ষের পক্ষে বক্তব্য ও প্রচারের মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেছেন। তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পেছনেও তার এই জনপরিচিতির ভূমিকা রয়েছে। ফলে জনপরিসরে তার আচরণ নিয়ে আলোচনা বা সমালোচনা হওয়া অস্বাভাবিক নয়।

দ্বিতীয়ত, তার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান। যে রাজনৈতিক পক্ষের সমর্থক হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন এবং জনপরিসরে সেই অবস্থান তুলে ধরেছেন, তার ব্যক্তিগত আচরণের সঙ্গে সেই পরিচয়ের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন উঠতে পারে। তিনি যদি ধ্রুপদি কিংবা বাংলা লোকজ গানের সঙ্গে নাচতেন, তাহলে হয়তো এ ধরনের আলোচনা তৈরি হতো না। দক্ষিণ এশীয় সমাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ব্যক্তিগত ও সামাজিক জীবনেও নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধ ধারণের প্রত্যাশা রয়েছে। এটি সমাজের একটি বাস্তব প্রত্যাশা। সুতরাং আমার আপত্তি তার নাচ নিয়ে নয়; বরং তার অর্জিত রাজনৈতিক পরিচয় ও জনপরিসরে উপস্থাপিত অবস্থানের সঙ্গে আচরণের সামঞ্জস্য নিয়ে। এই জায়গা থেকেই তাকে রাজনৈতিকভাবে সমালোচনা করার অবকাশ রয়েছে।

শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেন না; তিনি শিক্ষার্থীদের সামনে আচরণ, মূল্যবোধ, শিষ্টাচার ও ব্যক্তিত্বেরও একটি উদাহরণ হয়ে ওঠেন। মানুষ গড়ার কারিগর হিসেবে সমাজ তাকে যে সম্মানের আসনে বসিয়েছে, তার পেছনে রয়েছে তার বিশেষ দায়িত্ব। তাই একজন শিক্ষকের কাছ থেকে ব্যক্তিগত স্বাধীনতা চর্চার ক্ষেত্রেও পেশাগত মর্যাদা ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতনতা প্রত্যাশিত। এর অর্থ এই নয় যে তিনি ব্যক্তিগত আনন্দ উপভোগ করতে পারবেন না; বরং প্রত্যাশা, তার আচরণে দায়িত্বশীলতা ও পরিমিতিবোধের প্রতিফলন থাকবে।

বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ব্যক্তিগত ও জনপরিসরের সীমারেখা অনেকটাই অস্পষ্ট। কোনো অনুষ্ঠানে একজন ব্যক্তি কী করলেন, কোন গান বেছে নিলেন কিংবা কীভাবে নিজেকে উপস্থাপন করলেন— সেসব মুহূর্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বৃহত্তর সমাজের আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে জনপরিচিত কেউ নিজের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আনলে, তার সম্ভাব্য সামাজিক প্রতিক্রিয়া সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন।

তবে শিক্ষক হলেই তাকে সব সময় গম্ভীর, নিরানন্দ কিংবা আনন্দবিমুখ থাকতে হবে— এমন ধারণা একেবারেই অযৌক্তিক। শিক্ষকও একজন সাধারণ মানুষ। তার আনন্দ, বিনোদন, আবেগ ও ব্যক্তিগত পছন্দ থাকার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু কোনো অনুষ্ঠানে তার পরিবেশনা কেমন হবে, কোন গান নির্বাচন করবেন এবং সেটি উপস্থিত মানুষের কাছে কী বার্তা দেবে— এসব বিবেচনার মধ্যেই তার রুচিবোধ ও দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়।

বিয়ের মতো পারিবারিক অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি থাকে। বাবা-মা, আত্মীয়স্বজন, প্রবীণ, কিশোর-কিশোরী ও শিশুরা একসঙ্গে আনন্দ ভাগ করে নেন। সেখানে নৃত্য হতে পারে আনন্দের অন্যতম অনুষঙ্গ। উপযুক্ত গান, সুর ও পরিবেশনার মধ্য দিয়ে তা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে। কিন্তু গানের কথা কিংবা পরিবেশনার ধরন যদি উপস্থিত বিভিন্ন বয়সী মানুষের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়।

আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যে বিয়ের অনুষ্ঠানকে ঘিরে রয়েছে লোকগান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও আধুনিক গানের সমৃদ্ধ ভান্ডার। এসব গানের মধ্য দিয়েই আনন্দ, ভালোবাসা, আবেগ, মিলন ও শুভকামনা প্রকাশ করা যায়। দেশ-বিদেশের নানা আয়োজনে শিল্পসম্মত নৃত্য ও সংগীত একটি অনুষ্ঠানকে কীভাবে নান্দনিক করে তোলে, তার বহু উদাহরণ রয়েছে। তাহলে নিজেদের ঐতিহ্য ও রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গান বেছে নিতে আপত্তি কোথায়?

প্রশ্নটি তাই নাচের পক্ষে কিংবা বিপক্ষে নয়। প্রশ্ন হলো, কোন গান নির্বাচন করা হচ্ছে, পরিবেশনার ধরন কেমন এবং তা সংশ্লিষ্ট সামাজিক ও পারিবারিক আবহের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। একজন শিক্ষক আনন্দ প্রকাশ করবেন, নাচবেন— এতে আপত্তির কিছু নেই। তবে তার কাছ থেকে প্রত্যাশা থাকবে, নিজের শিক্ষা, সাংস্কৃতিক বোধ ও পেশাগত পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশনা নির্বাচন করবেন।

এ ক্ষেত্রে চলচ্চিত্রের অভিনেতা বা বিনোদনজগতের শিল্পীর সঙ্গে একজন শিক্ষকের তুলনা টানারও প্রয়োজন নেই। তাদের পেশাগত ভূমিকা, সামাজিক অবস্থান ও জনপরিসরে প্রত্যাশা এক নয়। একজন শিল্পীর পরিবেশনা তার পেশার অংশ হতে পারে। অন্যদিকে একজন শিক্ষকের প্রধান পরিচয় শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত। ফলে একই আচরণ ভিন্ন পেশার মানুষের ক্ষেত্রে ভিন্নভাবে বিবেচিত হতে পারে। এটি বৈষম্য নয়; বরং পেশাগত ভূমিকা ও সামাজিক প্রত্যাশার স্বাভাবিক পার্থক্য।

তবে এর অর্থ এই নয় যে শিক্ষকের ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্তকে সামাজিক বিচার-আচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তার পোশাক, বিনোদন কিংবা ব্যক্তিগত পছন্দ নিয়ে অযথা নৈতিক পুলিশিং গ্রহণযোগ্য নয়। একজন শিক্ষককে সম্মান করার অর্থ তার ব্যক্তিস্বাধীনতাকে অস্বীকার করা নয়। একইভাবে ব্যক্তিস্বাধীনতার অর্থও সামাজিক পরিসরে নিজের আচরণের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকা নয়।

একজন শিক্ষক যদি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন এবং সমাজ, রাষ্ট্র, রাজনীতি কিংবা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে মতামত দেন, তাহলে তার নিজের অবস্থান ও আচরণ নিয়েও আলোচনা হতে পারে। তবে সেই আলোচনা হতে হবে যুক্তিনির্ভর, শালীন ও প্রাসঙ্গিক। ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ কিংবা অপমানের মাধ্যমে কারও পেশাগত মর্যাদা বিচার করা উচিত নয়। আবার শিক্ষক বলেই কেউ সমালোচনার ঊর্ধ্বে থাকবেন, সেটিও গ্রহণযোগ্য নয়।

পরিশেষে বলতে চাই, নৃত্য মানুষের আনন্দ, সৌন্দর্যবোধ ও সৃজনশীলতার অনন্য প্রকাশ। এটি একটি জাতির আত্মপরিচয়, ঐতিহ্য ও আধ্যাত্মিক দর্শনের বাহক; একই সঙ্গে সাংস্কৃতিক কূটনীতিরও শক্তিশালী মাধ্যম। তাই নৃত্যকে সংকীর্ণ নৈতিকতার মাপকাঠিতে বিচার করা যেমন ঠিক নয়, তেমনি এর সাংস্কৃতিক ও সামাজিক তাৎপর্য অস্বীকার করাও সমীচীন নয়।

একজন শিক্ষক নাচবেন— এটি তার স্বাধীনতা। কিন্তু জনপরিসরে তার পরিচিতি, পেশাগত অবস্থান ও পরিবেশের সঙ্গে সংগীত ও পরিবেশনার সামঞ্জস্য বিবেচনা করাও দায়িত্বশীলতার অংশ। তার কাছ থেকে প্রত্যাশা এই নয় যে তিনি আনন্দ থেকে নিজেকে দূরে রাখবেন; বরং আনন্দ প্রকাশের মধ্যেও রুচি, শালীনতা ও সাংস্কৃতিক বোধের পরিচয় দেবেন।

ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক দায়িত্ব পরস্পরের বিরোধী নয়। বরং দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করাই পরিণত ও দায়িত্বশীল আচরণের পরিচয়। নেচে আনন্দ প্রকাশে বাধা নেই— তবে সেই আনন্দের প্রকাশেও রুচি-শালীনতা জরুরি।

লেখক: সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও গবেষক

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad