এনসিপিকে দিয়ে শুরু ‘ঐক্য সংলাপ’, আলোচনায় আ.লীগ-আইনশৃঙ্খলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১: ৫৮
প্রধানমন্ত্রী তারেক রহমান (বাঁয়ে) ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম (ডানে)। ছবি: কোলাজ
প্রধানমন্ত্রী তারেক রহমান (বাঁয়ে) ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম (ডানে)। ছবি: কোলাজ

গত কয়েক দিন ধরে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা সহিংস কর্মকাণ্ডে দেশের রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সৃষ্ট নানা প্রশ্নের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের সূত্রগুলো বলছে, জাতীয় স্বার্থের বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তুলতেই প্রধানমন্ত্রী এই সংলাপ আয়োজন করেছেন।

ক্ষমতাসীন বিএনপিসহ রাজনৈতিক দলগুলোও এ সংলাপকে স্বাগত জানিয়েছে। বিএনপি নেতারা একে ‘ঐক্য সংলাপ’ অভিহিত করে বলছেন, ফ্যাসিবাদী শক্তিকে রুখতে সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে প্রধানমন্ত্রী এ সংলাপ আয়োজন করেছেন, যেখানে সব দলেরই ফ্যাসিবাদকে রুখতে সরকারকে সহযোগিতার অঙ্গীকার করা উচিত।

অন্যদিকে এনসিপিসহ বিরোধী দলগুলোর পক্ষ থেকে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জুলাই গণহত্যার বিচারে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার চাওয়া হচ্ছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই সংলাপ। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, পর্যায়ক্রমে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তবে অন্য বৈঠকগুলোর সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

এনসিপি মনে করছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান সহিংস কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন বলেই প্রধানমন্ত্রী জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ইচ্ছা পোষণ করেছেন। এ বৈঠককে তারা তাৎপর্যপূর্ণ মনে করছেন।

এনসিপি নেতারা জানিয়েছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়সহ বিভিন্ন দাবি জানাবেন তারা।

বিএনপির বিরুদ্ধে অবশ্য এনসিপির অভিযোগও বিস্তর। বিশেষ করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু না করাকে তারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করে আসছে।

যুক্তরাজ্য সফর শেষে রোববার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একই কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে অতীতে নেওয়া পদক্ষেপের ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকারকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরা হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এসব প্রস্তাব ও পরামর্শ তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে সরকারের কী করণীয়, সে বিষয়ে এনসিপি মতামত তুলে ধরবে। প্রধানমন্ত্রী কী বলেম, সেটিও শুনবে এনসিপি।

এনসিপি জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য দুজন হলেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আননের এমপি আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সবশেষ চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর প্রেস উইং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের খবর দেয়।

জামায়াতে ইসলামীর একাধিক নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সংলাপ নিয়ে তাদের দলেরও আগ্রহ আছে। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেলে তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad