ইতিহাসের বৃহত্তম আইপিও, প্রথম দিন শেষে অ্যানথ্রপিকের মূল্যায়ন ১.৩ ট্রিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ইতিহাসে সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও সম্পন্ন করেছে অ্যানথ্রপিক। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বৃহস্পতিবার লেনদেনের প্রথম দিন শেষে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।
আইপিওতে নির্ধারিত ৮৩ ডলারে যাত্রা শুরুর পর শেয়ারপ্রতি দাম প্রায় ১৭ শতাংশ বেড়ে ৯৭ ডলারের কিছু বেশি হয়েছে। তবে দিনের শুরুতে শেয়ারের দাম ১১১ ডলার ৫০ সেন্টে উঠে কোম্পানিটির মূল্যায়ন ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল।
দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আইপিওতে ৯৮ কোটি শেয়ার বিক্রি করে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে এআই স্টার্টআপটি। এর মধ্য দিয়ে গত জুনে স্পেসএক্সের ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের রেকর্ড ছাড়িয়ে গেছে অ্যান্থ্রপিক। সম্পূর্ণ শেয়ার ও সম্ভাব্য শেয়ার বিবেচনায় কোম্পানিটির মূল্যায়ন দাঁড়িয়েছে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার।
বৃহস্পতিবার নাসডাকে লেনদেন শুরুর ঘণ্টা বাজান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। তিনি বলেন, ‘আজকের দিনটি কোম্পানিকে আরও শক্তিশালী আর্থিক অবস্থানে নিয়ে গেছে। এতে সঠিক কাজ করার ব্যাপারে আমাদের সংকল্প আরও দৃঢ় হবে।’
২০২১ সালে প্রতিষ্ঠিত অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম বড় এআই গবেষণাগার। তাদের তৈরি ক্লড এআই মডেল ও ক্লড কোড সফটওয়্যার প্রকৌশলীদের মধ্যে জনপ্রিয়। ব্যক্তিগত ব্যবহারকারীর চেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানকে সেবা দেওয়ার ওপর বেশি গুরুত্ব দিয়েছে কোম্পানিটি। এ কারণে তাদের আইপিওকে পুরো এআই শিল্পের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থার গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
কোম্পানিটির আয় দ্রুত বাড়লেও ব্যয় ও লোকসান নিয়ে উদ্বেগ রয়েছে। বিনিয়োগকারীদের কাছে জমা দেওয়া প্রসপেক্টাস অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে অ্যানথ্রপিকের আয় হয়েছে ১৬ দশমিক ২ বিলিয়ন ডলার। আগের পুরো বছর, অর্থাৎ ২০২৫ সালে আয় ছিল ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের প্রথম ৯ মাসে লোকসান দাঁড়িয়েছে ১০৪ বিলিয়ন ডলারে। এর মধ্যে প্রথম ছয় মাসের ৮০ বিলিয়ন ডলারের লোকসানের বড় অংশ ছিল এককালীন হিসাবজনিত ব্যয়।
এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য বিপুল কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। ডেটা সেন্টারে ব্যবহৃত সেমিকন্ডাক্টর চিপের মাধ্যমে পাওয়া এই সক্ষমতা অ্যানথ্রপিকের সবচেয়ে বড় ব্যয়ের খাত। ২০২৬ সালের প্রথম ৯ মাসে এ খাতে ব্যয় হয়েছে ১৮ দশমিক ৮ বিলিয়ন ডলার। ভবিষ্যতে এই ব্যয় আরও বাড়বে বলে কোম্পানিটি জানিয়েছে।
বাজারে অ্যানথ্রপিকের অভিষেক সফল হলেও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ারে সামগ্রিক দরপতন হয়েছে। এনভিডিয়া টানা ষষ্ঠ দিনের মতো দর হারিয়েছে, মাইক্রন ও ব্রডকমের শেয়ারও কমেছে। ফলে এআই খাতের বিপুল প্রবৃদ্ধির সম্ভাবনার পাশাপাশি বিনিয়োগের অস্থিরতা ও ব্যবসার স্থায়িত্ব নিয়ে প্রশ্নও রয়ে গেছে।


-239554.jpg)













-c2ac26-256x144.webp)