ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। ছবি: পিআইডি
বৃহস্পতিবার ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। ছবি: পিআইডি

নারীদের ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সহজলভ্য এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসার সুযোগ সবার জন্য নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। প্রাণঘাতী ক্যান্সার থেকে মা-বোনদের রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তিনি বলেন, ‘আমাদের শহর ও গ্রামের লাখ লাখ নারী নীরবে যন্ত্রণায় ভোগেন; পরিবারের অন্যান্য প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে তাদের স্বাস্থ্যসেবার বিষয়টি তালিকার একেবারে তলানিতে পড়ে থাকে।’

এই পরিস্থিতি বদলাতে নারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো, নিয়মিত পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকে মর্যাদার সঙ্গে চিকিৎসা পাবেন এবং ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় কারও প্রতি বৈষম্য থাকবে না। একজন নারীর সময়মতো চিকিৎসা পাওয়ার অধিকার তিনি কোথায় থাকেন, তার ওপর নির্ভর করতে পারে না।

মেয়েদের জন্য স্কুল-কলেজের ভেতরে ও বাইরে টিকাদান কর্মসূচি নিশ্চিত করার পাশাপাশি শহর ও গ্রামের নারীদের জন্য ক্যান্সার স্ক্রিনিং বা প্রাথমিক শনাক্তকরণ সেবা বাড়ানোর আহ্বান জানান জুবাইদা রহমান। স্ক্রিনিংয়ে ক্যান্সারের লক্ষণ পাওয়া গেলে দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করার কথাও বলেন তিনি।

নারীদের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে গিয়ে যাতে সেবা থেকে বিচ্ছিন্ন হতে না হয়, সে জন্য সাশ্রয়ী চিকিৎসা, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি স্কুল, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালের মাধ্যমেও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরামর্শ দেন।

জুবাইদা রহমান বলেন, কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দলের সদস্যরা নারীদের সচেতন করা, স্ক্রিনিংয়ে সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবার জন্য ক্যান্সার চিকিৎসা সহজলভ্য করতে সরকার, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ক্যান্সারজয়ী ব্যক্তি, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।

ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় নেওয়া উদ্যোগের সাফল্য পরিমাপের কয়েকটি সূচকও তুলে ধরেন জুবাইদা রহমান। তিনি বলেন, কতজন মেয়েশিশুকে টিকার আওতায় আনা হয়েছে, কতজন নারীকে স্ক্রিনিং করা হয়েছে, কতজনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে এবং কতজন রোগী সময়মতো চিকিৎসা পেয়েছেন— এসবের ভিত্তিতে উদ্যোগের অগ্রগতি মূল্যায়ন করতে হবে। পাশাপাশি চিকিৎসার ব্যয় সামলাতে গিয়ে কতটি পরিবার আর্থিক সংকটে পড়া থেকে সুরক্ষা পেয়েছে, সেটিও বিবেচনায় রাখতে হবে।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেস বৃহস্পতিবার শুরু হয়েছে, শেষ হবে শুক্রবার। এতে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় এক হাজার ক্যান্সার বিশেষজ্ঞ, স্বাস্থ্যসেবা পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তি অংশ নিচ্ছেন। সম্মেলনে ক্যান্সার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে। বাসস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad